The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

সপ্তাহে একদিনও শরীরচর্চা নয়! বিশ্বজুড়ে ২৪ কোটি কিশোর-কিশোরীর অভ্যাস নিয়ে উদ্বেগ হু-র

সপ্তাহে একদিনও শরীরচর্চা নয়! বিশ্বজুড়ে ২৪ কোটি কিশোর-কিশোরীর অভ্যাস নিয়ে উদ্বেগ হু-র

মোবাইল, কম্পিউটার আর অনলাইন দুনিয়ায় ক্রমশ বাড়ছে নির্ভরতা। তার প্রভাব পড়ছে কিশোর-কিশোরীদের দৈনন্দিন জীবনেও। খেলাধুলো বা শরীরচর্চার সময় কমছে। পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা উঠে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক রিপোর্টে। বিশ্বের প্রায় ২৪ কোটি কিশোর-কিশোরী সপ্তাহে অন্তত একদিনও শরীরচর্চা করেনা। অর্থাৎ, প্রতি চারজনের মধ্যে একজনের শরীরচর্চার অভ্যাস কার্যত নেই। ৪ নভেম্বর প্রকাশিত WHO-র নতুন রিপোর্টে ১১ থেকে ১৭ বছর বয়সি কিশোর-কিশোরীদের শারীরিক সক্রিয়তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ১৪০টি দেশ ও অঞ্চলের ৩২০ লক্ষেরও বেশি কিশোর-কিশোরীর তথ্য বিশ্লেষণ করে তৈরি হয়েছে এই রিপোর্ট। গবেষণায় দেখা গিয়েছে, সপ্তাহে গড়ে মাত্র ২.৭ দিন শারীরিকভাবে সক্রিয় থাকে তারা। মাত্র ১৪ শতাংশ কিশোর-কিশোরী সপ্তাহের সাত দিনই অন্তত এক ঘণ্টা শরীরচর্চা করে। ছেলেদের তুলনায় পিছিয়ে মেয়েরা রিপোর্টের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, শারীরিক সক্রিয়তার ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ২৮ শতাংশ কিশোরী সপ্তাহের কোনও দিনই শরীরচর্চা করেনা। ছেলেদের ক্ষেত্রে এই হার ২২ শতাংশ। অন্যদিকে, সপ্তাহের প্রতিদিন অন্তত এক ঘণ্টা সক্রিয় থাকে মাত্র ১১ শতাংশ কিশোরী। ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটি ১৭ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে। শারীরিক পরিশ্রমের অভাব বাড়িয়ে দিতে পারে হৃদ্‌রোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং কয়েক ধরনের ক্যানসারের আশঙ্কা। ছোটবেলা থেকেই শরীরচর্চার অভ্যাস তৈরি না হলে পরবর্তী জীবনেও নিষ্ক্রিয় থাকার প্রবণতা তৈরি হতে পারে। দায় শুধু কিশোরদের নয় WHO-র রিপোর্টে বলা হয়েছে, কিশোর-কিশোরীদের শরীরচর্চা না করার দায় শুধু তাদের ব্যক্তিগত অনীহার উপর চাপানো যায় না। নিরাপদ খেলার মাঠের অভাব, হাঁটা বা সাইকেল চালানোর উপযুক্ত রাস্তা না থাকা, স্কুলে খেলাধুলার সুযোগ কমে যাওয়া এবং ক্রমবর্ধমান স্ক্রিন-নির্ভর জীবনযাপনও এর অন্যতম কারণ। তাই শুধু শরীরচর্চার পরামর্শ দিলেই হবে না। স্কুল, পরিবার এবং প্রশাসনকে একসঙ্গে উদ্যোগী হতে হবে। নিরাপদ খেলার জায়গা তৈরি, স্কুলে নিয়মিত খেলাধুলার সুযোগ এবং দৈনন্দিন যাতায়াতে হাঁটা বা সাইকেল চালানোর পরিবেশ গড়ে তোলার উপর জোর দিয়েছে WHO।

৫ নভেম্বর, ২০২৬

বিস্তারিত পড়ুন →

অন্যান্য খবর

মেট্রোয় যাতায়াতেও জীবাণুর আনাগোনা! আইআইটি মাদ্রাজের গবেষণায় নতুন তথ্য
শরীর-মন

মেট্রোয় যাতায়াতেও জীবাণুর আনাগোনা! আইআইটি মাদ্রাজের গবেষণায় নতুন তথ্য

চেন্নাই মেট্রোয় ৭২ ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের সন্ধান! গণপরিবহণে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। মেট্রোর হাতল, টিকিট কাটার যন্ত্র বা কাউন্টারে হাত রাখছেন অসংখ্য যাত্রী। সেই সব স্পর্শ করা জায়গায় কী ধরনের অণুজীব রয়েছে, তা জানতে গবেষণা চালালেন আইআইটি মাদ্রাজের বিজ্ঞানীরা। তাঁদের গবেষণায় চেন্নাই মেট্রোর বিভিন্ন জায়গায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত জিনের সন্ধান মিলেছে। ১২টি স্টেশনে নমুনা পরীক্ষা গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা এমস্পিয়ার-এ। চেন্নাই মেট্রোর ১২টি স্টেশন ও ট্রেনের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন গবেষকরা। হাতল, টিকিট বিক্রির যন্ত্র, স্টেশনের রেলিং এবং কাউন্টারের মতো বেশি স্পর্শ করা জায়গা থেকে মোট ৯৬টি নমুনা নেওয়া হয়েছিল। তার মধ্যে ৪১টি নমুনা চূড়ান্ত বিশ্লেষণের জন্য উপযুক্ত হয়। সেই নমুনাগুলিতে ৭২টি পরিবারের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত জিনের সন্ধান মিলেছে। বিশেষ করে রিফামাইসিন ও সালফোনামাইড গোত্রের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধের সঙ্গে যুক্ত জিনের উপস্থিতি তুলনায় বেশি ছিল। সংক্রমণের প্রমাণ নয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এমন একটি পরিস্থিতি, যেখানে ব্যাকটেরিয়া ওষুধের প্রভাব এড়িয়ে বেঁচে থাকতে পারে। ফলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে উঠতে পারে। তবে মেট্রোর বিভিন্ন জায়গায় প্রতিরোধী জিনের উপস্থিতি পাওয়া মানেই যাত্রীদের সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে, এমনটা নয়। গবেষণায় ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে। সেখানে জীবিত ও মৃত ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য করা সম্ভব হয়নি। ওই অণুজীব মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে কি না, তাও এই গবেষণায় প্রমাণিত হয়নি। নিয়মিত নজরদারির পরামর্শ গবেষকদের মতে, গণপরিবহণের মতো জনবহুল জায়গায় অণুজীবের উপস্থিতি ও তাদের পরিবর্তন সম্পর্কে নিয়মিত নজরদারি প্রয়োজন। বিশেষ করে হাতল, টিকিট কাউন্টার ও যন্ত্রের মতো বেশি স্পর্শ করা জায়গাগুলির পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে হবে। তবে জনবহুল স্থানকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা বাস্তবসম্মত নয়। বরং কোথায় কী ধরনের অণুজীবের উপস্থিতি বেশি, তা বুঝে পরিচ্ছন্নতার ব্যবস্থা আরও কার্যকর করা জরুরি।

৩ নভেম্বর, ২০২৬

জলবায়ু বদলের কোপ শরীরেও! বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার ঝুঁকি
শরীর-মন

জলবায়ু বদলের কোপ শরীরেও! বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার ঝুঁকি

জলবায়ু পরিবর্তন মানেই শুধু তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ নয়। এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের শরীরেও। কখনও তীব্র গরমে হিটস্ট্রোক ও জলশূন্যতা, কখনও মশাবাহিত রোগের বাড়তি ঝুঁকি, আবার কখনও বায়ুদূষণের কারণে শ্বাসযন্ত্রের সমস্যা। ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ২০২৬ প্রতিবেদনে ভারতের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উঠে এসেছে এমনই উদ্বেগজনক ছবি। গরমের প্রভাব বাড়ছে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে প্রতি বছর গড়ে ১০.৬ দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে অর্ধেক দিনই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তীব্র গরমের প্রভাব শুধু হিটস্ট্রোক বা জলশূন্যতায় সীমাবদ্ধ নয়। রাতের তাপমাত্রা বেশি থাকায় ঘুমেরও ব্যাঘাত ঘটছে। বিশেষ করে প্রবীণ, শিশু, হৃদ্‌রোগী এবং বাইরে কাজ করেন এমন মানুষের ঝুঁকি বেশি। বাড়ছে সংক্রমণের আশঙ্কা তাপমাত্রা ও পরিবেশের পরিবর্তনে মশার বংশবিস্তার এবং রোগ সংক্রমণের অনুকূল পরিস্থিতিও বদলাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গি ছড়ায় এমন একটি প্রজাতির মশার মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা ১৯৫১-৬০ সালের তুলনায় ২০১৬-২৫ সালে ৮৪ শতাংশ বেড়েছে। ম্যালেরিয়া ছড়ানোর অনুকূল পরিবেশের সময়সীমাও বেড়েছে। ফলে রোগ নজরদারি ও মশাবাহিত সংক্রমণ নিয়ন্ত্রণে আরও সতর্ক হওয়া জরুরি। দূষণেও বাড়ছে বিপদ ২০২৩ সালে ভারতে সূক্ষ্ম বস্তুকণা বা পিএম ২.৫-এর সংস্পর্শের সঙ্গে ২২ লক্ষেরও বেশি মৃত্যুর সম্পর্ক পাওয়া গিয়েছে। এর মধ্যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তৈরি দূষণেরও বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ এবং সংক্রামক রোগের ঝুঁকি একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। প্রস্তুতি জরুরি বিশেষজ্ঞদের মতে, শুধু তাপপ্রবাহের পূর্বাভাস দিলেই হবে না, তার সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কেও আগাম সতর্কতা প্রয়োজন। হাসপাতালগুলিতে হিটস্ট্রোক ও জলশূন্যতার চিকিৎসার প্রস্তুতি রাখতে হবে। পাশাপাশি প্রবীণ, শিশু এবং খোলা জায়গায় কাজ করা মানুষদের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া জরুরি। পরিবেশ রক্ষার পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থাকেও জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলার উপযোগী করে তুলতে হবে।

৩ নভেম্বর, ২০২৬

একই পরিবারের একাধিক সদস্যের কেন হচ্ছে অটোইমিউন রোগ? রহস্যের সন্ধানে গবেষণায় নামছে দিল্লির এইমস
শরীর-মন

একই পরিবারের একাধিক সদস্যের কেন হচ্ছে অটোইমিউন রোগ? রহস্যের সন্ধানে গবেষণায় নামছে দিল্লির এইমস

একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত লুপাস, টাইপ-১ ডায়াবেটিস কিংবা মায়োসাইটিসে। কারও শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিজের কোষকেই শত্রু ভেবে আক্রমণ করছে, কারও ক্ষেত্রে তৈরি হচ্ছে পেশির জটিল সমস্যা। কিন্তু পরিবারের একাধিক সদস্যের মধ্যে কেন দেখা যাচ্ছে একই ধরনের অসুখ? এর পিছনে কি রয়েছে বংশগতির ভূমিকা, নাকি পরিবেশ ও জীবনযাপনের কোনও প্রভাব? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ গবেষণার উদ্যোগ নিয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। এই গবেষণায় এইমস দিল্লি ছাড়াও আরও পাঁচটি চিকিৎসা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। আগামী চার বছরে মোট ২০০টি পরিবারকে নিয়ে গবেষণা চালানো হবে। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজও এই গবেষণার অংশ। গবেষণায় এমন পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে, যেখানে অন্তত তিন জন সদস্য অটোইমিউন রোগে আক্রান্ত এবং দু’জন সদস্যের এই ধরনের রোগ নেই। আক্রান্ত ও সুস্থ—উভয় গোষ্ঠীর রক্তের নমুনা সংগ্রহ করে জিনগত বৈশিষ্ট্য, রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যকলাপ এবং বিভিন্ন জৈবিক উপাদান বিশ্লেষণ করবেন গবেষকেরা। গবেষণার মূল লক্ষ্য, পরিবারের কয়েক জনের মধ্যে একই ধরনের রোগ দেখা দেওয়ার পিছনে কোন জৈবিক প্রক্রিয়া কাজ করছে, তা চিহ্নিত করা। ভবিষ্যতে রোগের পূর্বাভাস দেওয়ার মতো জৈবিক নির্দেশক খুঁজে পাওয়া এবং নতুন চিকিৎসার লক্ষ্য নির্ধারণেও এই গবেষণা সাহায্য করতে পারে। তবে গবেষকেরা সতর্ক করেছেন, জিনগত বৈশিষ্ট্য থাকলেই যে কারও অটোইমিউন রোগ হবে, এমন নয়। পরিবেশগত কারণও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বংশগতির ভিত্তিতে রোগের আশঙ্কা নির্ধারণ করা সম্ভব নয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) অর্থসাহায্যে এই গবেষণা চলবে। গবেষণার সমন্বয়কারী প্রতিষ্ঠান অশোকা বিশ্ববিদ্যালয়। এইমসের পাশাপাশি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বেঙ্গালুরুর সেন্ট জনস মেডিক্যাল কলেজ, হায়দরাবাদের নিজামস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং এইমস বিবিনগর এতে অংশ নিচ্ছে। অটোইমিউন রোগের চিকিৎসায় এই গবেষণা নতুন দিশা দেখাতে পারে বলে আশা চিকিৎসক মহলের।

৩০ অক্টোবর, ২০২৬

তীব্র গরমেই বাড়তে পারে ডিমেনশিয়ার আশঙ্কা? নতুন গবেষণায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য
শরীর-মন

তীব্র গরমেই বাড়তে পারে ডিমেনশিয়ার আশঙ্কা? নতুন গবেষণায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

তীব্র গরম শুধু শরীরকে কাহিল করে না, দীর্ঘমেয়াদে মস্তিষ্কের স্বাস্থ্যের সঙ্গেও তার যোগ থাকতে পারে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, বছরের বেশ কয়েক দিন অত্যন্ত গরমের মধ্যে কাটানোর সঙ্গে ডিমেনশিয়ার আশঙ্কা বৃদ্ধির সম্পর্ক রয়েছে। বিশেষত, যাঁরা নিয়মিত তীব্র গরমের সংস্পর্শে থাকেন, তাঁদের ক্ষেত্রে এই যোগ আরও স্পষ্ট। তবে গবেষণাটি থেকে সরাসরি প্রমাণিত হয়নি যে গরমই ডিমেনশিয়ার কারণ। ‘অ্যালঝাইমার্স অ্যান্ড ডিমেনশিয়া’ পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় প্রায় ২৮,৫১২ জন মার্কিন প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রায় ২০ বছর ধরে তাঁদের স্বাস্থ্য ও তাপমাত্রার সংস্পর্শের মধ্যে সম্পর্ক পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় বাইরে অনুভূত তাপমাত্রা বা হিট ইনডেক্স ১০৩ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস) কিংবা তার বেশি থাকার দিনগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। গবেষণার তথ্য অনুযায়ী, বছরে এমন তীব্র গরমের সাত দিনের বেশি সংস্পর্শে থাকা ব্যক্তিদের ডিমেনশিয়ার আশঙ্কা, প্রায় এমন গরমের সংস্পর্শে না থাকা ব্যক্তিদের তুলনায় ২৩ শতাংশ বেশি ছিল। অন্যদিকে, বছরে ০.৪ থেকে ১.৮ দিন এই ধরনের গরমের সংস্পর্শে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আশঙ্কা ১৪ শতাংশ বেশি দেখা যায়। এই পরিসংখ্যান থেকে গরমের সঙ্গে ডিমেনশিয়ার একটি সম্পর্কের ইঙ্গিত মিললেও, এর অর্থ এই নয় যে তীব্র গরমে থাকলেই কারও ডিমেনশিয়া হবে। গবেষণায় আরও দেখা গিয়েছে, সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে এই সম্পর্ক তুলনামূলক বেশি স্পষ্ট। শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা কম রয়েছে, এমন এলাকাতেও একই প্রবণতা দেখা গিয়েছে। অর্থাৎ, তীব্র গরম থেকে নিজেকে সুরক্ষিত রাখার সুযোগ সবার সমান নয়। সেই পার্থক্যও স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। গরমে মস্তিষ্কের যত্ন নেবেন কী ভাবে? অত্যধিক গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। শরীরে জলের ঘাটতি, ঘুমের ব্যাঘাত এবং রক্তসঞ্চালনের উপর চাপ পড়তে পারে। বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাগুলি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তবে এই শারীরবৃত্তীয় প্রভাবগুলিই গবেষণায় পাওয়া ডিমেনশিয়ার সম্পর্কের একমাত্র ব্যাখ্যা কি না, তা এখনও স্পষ্ট নয়। তীব্র গরমে পর্যাপ্ত জল পান করা, দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে যাওয়া কমানো, হাওয়া চলাচল করে এমন ঠান্ডা জায়গায় থাকা এবং নিয়মিত ঘুমের অভ্যাস বজায় রাখা জরুরি। বিশেষত, প্রবীণদের শরীরে জলের ঘাটতি বা অতিরিক্ত গরমের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিভ্রান্তি, অস্বাভাবিক আচরণ, অজ্ঞান হয়ে যাওয়া বা শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসা প্রয়োজন। ডিমেনশিয়ার পিছনে বয়স, বংশগত বৈশিষ্ট্য, হৃদ্‌রোগ, ডায়াবেটিস-সহ একাধিক কারণ কাজ করতে পারে। তাই শুধু গরমের সংস্পর্শের ভিত্তিতে কারও ভবিষ্যৎ রোগের আশঙ্কা নির্ধারণ করা যায় না। গবেষণাটি বরং মনে করিয়ে দিচ্ছে, জলবায়ু ও জনস্বাস্থ্যের সম্পর্ক নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

২৯ অক্টোবর, ২০২৬

অস্ত্রোপচারের পরও ফিরতে পারে ক্যানসার? নতুন এমআরএনএ টিকায় আশার আলো, কমল পুনরায় রোগ ফেরার আশঙ্কা
শরীর-মন

অস্ত্রোপচারের পরও ফিরতে পারে ক্যানসার? নতুন এমআরএনএ টিকায় আশার আলো, কমল পুনরায় রোগ ফেরার আশঙ্কা

ক্যানসারের অস্ত্রোপচার সফল হওয়ার পরেও রোগ ফিরে আসার আশঙ্কা থেকে যায়। বিশেষত, মেলানোমার মতো ত্বকের ক্যানসারের ক্ষেত্রে অস্ত্রোপচারের পরবর্তী চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বার সেই চিকিৎসায় নতুন আশার আলো দেখাল এমআরএনএ ক্যানসার টিকা। সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা গিয়েছে, প্রচলিত ইমিউনোথেরাপির সঙ্গে এই টিকা দিলে অস্ত্রোপচারের দু’বছর পর ক্যানসার ফিরে আসার আশঙ্কা উল্লেখযোগ্য ভাবে কমতে পারে। তবে এটি এখনও পরীক্ষামূলক চিকিৎসা, সাধারণ ব্যবহারের জন্য অনুমোদিত নয়। ‘মডার্না’ ও ‘মার্ক’-এর গবেষণায় তৈরি এই টিকার নাম ইনটিসমেরান (Intismeran)। কোভিডের টিকা তৈরিতে ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তির সাহায্যেই এটি তৈরি করা হয়েছে। তবে সংক্রমণ প্রতিরোধের টিকার সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। এই টিকার লক্ষ্য ক্যানসার প্রতিরোধ করা নয়, বরং অস্ত্রোপচারের পর শরীরে ক্যানসার ফিরে এলে তাকে শনাক্ত করে মোকাবিলা করার জন্য রোগীর রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রস্তুত করা। প্রত্যেক রোগীর জন্য আলাদা টিকা এই গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, প্রত্যেক রোগীর ক্যানসারের বৈশিষ্ট্য অনুযায়ী টিকাটি আলাদা করে তৈরি করা হয়। ক্যানসার কোষে এমন কিছু জিনগত পরিবর্তন থাকে, যার ফলে বিশেষ ধরনের প্রোটিন তৈরি হতে পারে। গবেষকেরা রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সেই প্রোটিনগুলিকে শনাক্ত করেন। তার পর তৈরি হয় নির্দিষ্ট রোগীর উপযোগী টিকা। টিকাটি শরীরে দেওয়ার পর রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ওই বিশেষ প্রোটিনগুলি চিনতে শেখানোর চেষ্টা করা হয়। উদ্দেশ্য, অস্ত্রোপচারের পর শরীরে থেকে যাওয়া ক্যানসার কোষ ফের বাড়তে শুরু করলে রোগপ্রতিরোধ ব্যবস্থা যেন সেগুলিকে শনাক্ত করে আক্রমণ করতে পারে। ১১০০-র বেশি রোগীর উপর পরীক্ষা গবেষণায় অংশ নিয়েছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে মেলানোমা বাদ দেওয়া হয়েছে, এমন ১১০০-রও বেশি রোগী। তাঁদের প্রত্যেককে প্রচলিত চিকিৎসা হিসেবে পেমব্রোলিজুুমাব (Keytruda) দেওয়া হয়। এর পাশাপাশি এক দলকে ব্যক্তিগতভাবে তৈরি এমআরএনএ টিকা এবং অন্য দলকে নিষ্ক্রিয় বিকল্প ওষুধ দেওয়া হয়েছিল। দু’বছর পর দেখা যায়, টিকা ও পেমব্রোলিজুমাব পাওয়া রোগীদের ৮২ শতাংশের ক্যানসার ফিরে আসেনি। অন্য দিকে, শুধু পেমব্রোলিজুমাব পাওয়া রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৭০ শতাংশ। গবেষণার হিসাবে, টিকা যুক্ত করার ফলে দু’বছরের মধ্যে ক্যানসার ফিরে আসার আপেক্ষিক আশঙ্কা ৪২ শতাংশ কমেছে। অর্থাৎ, এটি রোগ ফিরে আসার আশঙ্কা কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ফল দেখিয়েছে, যদিও সব রোগীর ক্ষেত্রে সমান সাফল্যের নিশ্চয়তা নেই। পার্শ্বপ্রতিক্রিয়া কেমন? গবেষণায় টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে মূলত ইঞ্জেকশন নেওয়ার জায়গায় ব্যথা, ক্লান্তি এবং এমআরএনএ টিকার পরিচিত কিছু প্রতিক্রিয়ার কথা উঠে এসেছে। তবে চিকিৎসাটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে আরও তথ্য প্রয়োজন। গবেষণায় অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনই কি পাওয়া যাবে এই টিকা? না। টিকাটির অনুমোদনের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে। এই চিকিৎসা কতটা কার্যকর, কোন রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার হবে এবং এর খরচ কত হতে পারে, সে বিষয়ে আরও তথ্য প্রয়োজন। ব্যক্তিগতভাবে টিকা তৈরি করতে টিউমারের জিনগত বিশ্লেষণ-সহ পুরো প্রক্রিয়ায় প্রায় ছ'সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে। তবে এই গবেষণা ক্যানসার চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। ভবিষ্যতে রোগীর টিউমারের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা তৈরি করা গেলে ক্যানসার ফিরে আসার আশঙ্কা কমানোর নতুন পথ খুলতে পারে। যদিও এই মুহূর্তে মেলানোমার ক্ষেত্রে পাওয়া ফলাফলকে অন্য ধরনের ক্যানসারের চিকিৎসায় সরাসরি প্রয়োগ করা যাবে না, তবু ব্যক্তিগত চিকিৎসার এই পদ্ধতি নিয়ে গবেষকদের আগ্রহ বাড়ছে।

২৯ অক্টোবর, ২০২৬

বয়স ৪০ পেরলেই পেশি ক্ষয়? হাঁটার পাশাপাশি যে অভ্যাস জরুরি
শরীর-মন

বয়স ৪০ পেরলেই পেশি ক্ষয়? হাঁটার পাশাপাশি যে অভ্যাস জরুরি

বয়স বাড়ছে, অথচ শরীরের পরিবর্তনটা অনেক সময় চোখে পড়ে না। সিঁড়ি ভাঙতে আগের চেয়ে বেশি কষ্ট হচ্ছে, ভারী জিনিস তুলতে হাত কাঁপছে, কিংবা সামান্য পরিশ্রমেই ক্লান্ত লাগছে। অনেকে ভাবেন, বয়সের সঙ্গে এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু এর পিছনে থাকতে পারে পেশির শক্তি ও পরিমাণ কমে যাওয়ার সমস্যা। চিকিৎসাবিজ্ঞানে পেশির পরিমাণ, শক্তি ও কর্মক্ষমতা কমে যাওয়ার এই অবস্থাকে বলা হয় সারকোপেনিয়া। সাধারণত বয়স বাড়ার সঙ্গে এর প্রবণতা বাড়ে। তবে শুধু বয়স্কদেরই নয়, চলাফেরা কম করা, পর্যাপ্ত পুষ্টির অভাব কিংবা দীর্ঘদিন অসুস্থ থাকার কারণেও পেশির শক্তি কমতে পারে। কেন কমে পেশির শক্তি? বয়স বাড়ার সঙ্গে শরীরে পেশি তৈরির স্বাভাবিক প্রক্রিয়া ধীর হয়ে আসে। হরমোনের পরিবর্তন, শারীরিক পরিশ্রমের অভাব এবং খাবারে পর্যাপ্ত প্রোটিন না থাকাও এর কারণ হতে পারে। বিশেষ করে যাঁরা দিনের বেশির ভাগ সময় বসে কাটান, তাঁদের পেশির শক্তি কমার আশঙ্কা বেশি। পেশি শুধু শরীরকে নড়াচড়া করতে সাহায্য করে না। শরীরের ভারসাম্য বজায় রাখা, দৈনন্দিন কাজ করা এবং বিপাকক্রিয়া ঠিক রাখার ক্ষেত্রেও পেশির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেশির পরিমাণ ও শক্তি কমে গেলে হাঁটাচলায় অসুবিধা, পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা এবং স্বাধীনভাবে দৈনন্দিন কাজ করার ক্ষমতাও কমতে পারে। শুধু হাঁটলেই কি যথেষ্ট? হাঁটা হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে এবং শারীরিক সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। কিন্তু পেশির শক্তি ধরে রাখতে শুধু হাঁটা সব সময় যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন উপযুক্ত শক্তিবর্ধক ব্যায়াম। চিকিৎসকের পরামর্শ নিয়ে হালকা ওজন তোলা, চেয়ার থেকে বারবার ওঠা-বসা, দেয়ালে হাত রেখে পুশ-আপের মতো ব্যায়াম করা যেতে পারে। বয়স, শারীরিক সক্ষমতা এবং আগে থেকে কোনও অসুখ রয়েছে কি না, তার ভিত্তিতে ব্যায়ামের ধরন ঠিক করা জরুরি। যাঁদের ভারসাম্যের সমস্যা বা দীর্ঘদিনের অসুখ রয়েছে, তাঁদের প্রশিক্ষিত ব্যক্তির তত্ত্বাবধানে ব্যায়াম শুরু করা ভাল। খাবারে কী রাখবেন? পেশি সুস্থ রাখতে পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন। ডিম, মাছ, দুধ, দই, ডাল, ছোলা, সয়াবিনের মতো খাবার থেকে প্রোটিন পাওয়া যায়। তবে প্রত্যেকের প্রোটিনের চাহিদা এক নয়। বয়স, ওজন, শারীরিক পরিশ্রম এবং কিডনির অবস্থার মতো বিষয় বিবেচনা করে খাদ্যতালিকা তৈরি করা উচিত। শুধু প্রোটিন খেলেই পেশির শক্তি বাড়বে না। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাবার—সব কিছুরই প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন খুব কম খাওয়া বা দ্রুত ওজন কমানোর চেষ্টা করলেও পেশির পরিমাণ কমে যেতে পারে। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? আগের তুলনায় হাঁটার গতি কমে যাওয়া, চেয়ার থেকে উঠতে অসুবিধা, বারবার পড়ে যাওয়া কিংবা হাত-পায়ের শক্তি উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়াকে অবহেলা করা উচিত নয়। এগুলি সারকোপেনিয়ার লক্ষণ হতে পারে, আবার অন্য অসুখের কারণেও দেখা দিতে পারে। প্রয়োজন হলে চিকিৎসক পেশির শক্তি, হাঁটার ক্ষমতা এবং শরীরের গঠন পরীক্ষা করে দেখবেন। বয়স বাড়া আটকানো যায় না, কিন্তু বয়সের সঙ্গে পেশির শক্তি কতটা বজায় থাকবে, তার উপর জীবনযাপনের প্রভাব রয়েছে। তাই চল্লিশের পর থেকেই হাঁটার পাশাপাশি পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম, পর্যাপ্ত পুষ্টি এবং নিয়মিত শারীরিক সক্রিয়তার অভ্যাস গড়ে তোলা জরুরি।

২৬ অক্টোবর, ২০২৬

পুজোয় সকাল থেকে রাত, শুধু খাওয়াদাওয়া? পেটের গোলমাল এড়াতে মানুন এই নিয়ম
শরীর-মন

পুজোয় সকাল থেকে রাত, শুধু খাওয়াদাওয়া? পেটের গোলমাল এড়াতে মানুন এই নিয়ম

পুজো মানেই জমিয়ে খাওয়াদাওয়া। সকালে লুচি-তরকারি, দুপুরে জমিয়ে ভাত-মাংস, বিকেলে ফুচকা বা রোল, রাতে আবার রেস্তরাঁয় খাওয়ার পরিকল্পনা। উৎসবের আনন্দে খাবারের পরিমাণ ও সময়ের হিসাব অনেক সময়ই থাকে না। তার উপর অনিয়মিত ঘুম আর দীর্ঘক্ষণ ঘোরাঘুরি। ফলে পেট ফাঁপা, অম্বল, গ্যাস বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। একসঙ্গে বেশি খাবেন না অনেকক্ষণ না খেয়ে থেকে একবারে প্রচুর খাবার খেলে হজমের সমস্যা বাড়তে পারে। বরং নির্দিষ্ট বিরতিতে পরিমিত খাবার খান। তেল-মশলাযুক্ত খাবার খেতে পারেন, তবে পরিমাণের দিকে নজর রাখুন। অম্বলের প্রবণতা থাকলে কোন খাবারে সমস্যা বাড়ে, তা বুঝে সেই খাবার এড়িয়ে চলুন। রাস্তার খাবারে সতর্কতা পুজোয় রাস্তার খাবারের আকর্ষণ এড়ানো কঠিন। তবে খাবার তৈরি ও পরিবেশনের পরিচ্ছন্নতা খেয়াল করুন। দীর্ঘক্ষণ খোলা অবস্থায় রাখা খাবার, অপরিষ্কার জল বা বরফ থেকে পেটের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। নিরাপদ পানীয় জল পান করুন। শুধু তেষ্টা পেলেই নয়, নিয়মিত জল পানের অভ্যাস রাখুন। ডায়াবেটিস ও হৃদ্‌রোগীরা কী করবেন? ডায়াবেটিস থাকলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা একবারে অনেকটা মিষ্টি খাওয়া ঠিক নয়। হৃদ্‌রোগীদের অতিরিক্ত নুন ও চর্বিযুক্ত খাবারের বিষয়ে সতর্ক থাকতে হবে। চিকিৎসকের দেওয়া খাদ্যতালিকা ও ওষুধের সময়সূচি বজায় রাখুন। পেটের অস্বস্তি হলে নিজের ইচ্ছেমতো বারবার ওষুধ না খেয়ে সমস্যার কারণ বোঝার চেষ্টা করুন। তীব্র পেটব্যথা, বারবার বমি, মলে রক্ত বা জলশূন্যতার লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। উৎসবের আনন্দ বজায় রাখতে খাওয়াদাওয়ায় সংযমই হতে পারে সবচেয়ে সহজ উপায়।

১২ অক্টোবর, ২০২৬

পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে অসুস্থ? ভিড়ের মধ্যে এই ভুলগুলি এড়িয়ে চলুন
BREAKING NEWSশরীর-মন

পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে অসুস্থ? ভিড়ের মধ্যে এই ভুলগুলি এড়িয়ে চলুন

পুজোর দিনগুলিতে ঠাকুর দেখার আনন্দে কখন যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, খেয়াল থাকে না। এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ছোটা, দীর্ঘ লাইনে দাঁড়ানো, ভিড় ঠেলে এগোনো, তার উপর রাত জাগা। সব মিলিয়ে শরীরের উপর চাপ পড়ে যথেষ্ট। বিশেষ করে প্রবীণ, হৃদ্‌রোগী, ডায়াবেটিসে আক্রান্ত এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে যাঁদের, তাঁদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। ক্লান্তিকে অবহেলা নয় দীর্ঘক্ষণ হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে পেশিতে ব্যথা, পায়ে ফোলা, মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে। গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘামের সঙ্গে শরীর থেকে জল বেরিয়ে গিয়ে জলশূন্যতার আশঙ্কাও বাড়ে। তাই ঠাকুর দেখতে বেরিয়ে সঙ্গে জলের বোতল রাখুন। মাঝেমধ্যে বিশ্রাম নিন। খুব ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। সঙ্গে রাখুন প্রয়োজনীয় জিনিস ডায়াবেটিস বা হৃদ্‌রোগের মতো সমস্যা থাকলে চিকিৎসকের নির্দেশ মেনে ওষুধ সঙ্গে রাখুন। ডায়াবেটিসের রোগীরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না। সম্ভব হলে হালকা খাবার সঙ্গে রাখুন। বয়স্কদের ক্ষেত্রে আরামদায়ক জুতো পরা জরুরি। শ্বাসকষ্টের সমস্যা থাকলে ধোঁয়া, ধুলো ও অতিরিক্ত ভিড় এড়িয়ে চলুন। কোন লক্ষণে সতর্ক হবেন? হঠাৎ বুকে ব্যথা, অস্বাভাবিক শ্বাসকষ্ট, মাথা ঘুরে পড়ে যাওয়া বা ঘাম হলে বিষয়টিকে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যাবেন না। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। পুজোর আনন্দ উপভোগ করতে গিয়ে শরীরের সংকেত উপেক্ষা করলে বিপদ বাড়তে পারে। পরিকল্পনা করে ঠাকুর দেখতে বেরোন, পর্যাপ্ত বিশ্রাম নিন, আর শরীর খারাপ লাগলে জোর করে ঘোরাঘুরি চালিয়ে যাবেন না।

১২ অক্টোবর, ২০২৬

রাতে ঘুমিয়েও ক্লান্তি কাটছে না? শরীরের এই সমস্যাগুলি হতে পারে কারণ!
শরীর-মন

রাতে ঘুমিয়েও ক্লান্তি কাটছে না? শরীরের এই সমস্যাগুলি হতে পারে কারণ!

রাতে সাত-আট ঘণ্টা ঘুমিয়েও সকালে উঠতে ইচ্ছে করছে না? সারাদিন ঝিমুনি, কাজে মন বসছে না, অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ছেন? অনেকেই এমন সমস্যাকে কাজের চাপ বা অনিয়মিত জীবনযাপনের ফল বলে ধরে নেন। কিন্তু পর্যাপ্ত ঘুমের পরেও নিয়মিত ক্লান্তি থাকলে তার পিছনে অন্য কারণও থাকতে পারে। ক্লান্তির পিছনে কী কারণ? শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে বা রক্তাল্পতা হলে দুর্বলতা, মাথা ঘোরা এবং অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েডের হরমোনের ভারসাম্যহীনতা এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও ক্লান্তি অনুভূত হতে পারে। আবার পর্যাপ্ত সময় ঘুমোলেও ঘুমের গুণগত মান ভালো না হলে শরীর সতেজ লাগে না। স্লিপ অ্যাপনিয়া এমনই একটি সমস্যা। ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রশ্বাসে বাধা তৈরি হলে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। জোরে নাক ডাকা, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা এবং দিনের বেলায় অতিরিক্ত ঘুম পাওয়া এর সম্ভাব্য লক্ষণ। কখন সতর্ক হবেন? কয়েক দিন বিশ্রাম নেওয়ার পরেও ক্লান্তি না কাটলে, সমস্যা ক্রমশ বাড়লে বা দৈনন্দিন কাজ ব্যাহত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক রক্ত পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার পরামর্শ দিতে পারেন। শুধু ক্লান্তি হচ্ছে বলেই নিজে থেকে আয়রন বা ভিটামিনের ওষুধ খাওয়া ঠিক নয়। ঘুমের অভ্যাসে বদল আনুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া ও ওঠার অভ্যাস করুন। শোওয়ার আগে মোবাইলের ব্যবহার কমান, রাতে অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলুন এবং নিয়মিত শরীরচর্চা করুন। তবে জীবনযাত্রায় পরিবর্তন আনার পরেও ক্লান্তি থাকলে শুধু ঘুমের অভাবকে দায়ী করবেন না। কারণ বুঝে চিকিৎসা করানোই সুস্থ থাকার সঠিক উপায়।

১২ অক্টোবর, ২০২৬

পেটের সমস্যা নয়, অন্ত্রের বিপদ? কোন লক্ষণ অবহেলা করবেন না
শরীর-মন

পেটের সমস্যা নয়, অন্ত্রের বিপদ? কোন লক্ষণ অবহেলা করবেন না

পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা বারবার পেট খারাপ। এমন সমস্যায় ভুগলেও অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার বদলে ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু হজমের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে তার কারণ খুঁজে দেখা জরুরি। কারণ, খাদ্যাভ্যাসের ভুল থেকে শুরু করে অন্ত্রের বিভিন্ন অসুখ, নানা কারণেই এমন সমস্যা হতে পারে। বদলে যাচ্ছে মলত্যাগের অভ্যাস? মাঝেমধ্যে পেটের সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, বারবার পাতলা পায়খানা বা মলত্যাগের অভ্যাসে হঠাৎ পরিবর্তন হলে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে মলের সঙ্গে রক্ত বেরনো, অকারণে ওজন কমে যাওয়া, পেটে দীর্ঘস্থায়ী ব্যথা বা অতিরিক্ত ক্লান্তির মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এসব লক্ষণ মানেই গুরুতর অসুখ নয়, তবে কারণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ। অন্ত্র সুস্থ রাখবেন কীভাবে? অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে খাবারের দিকে নজর দেওয়া প্রয়োজন। রোজের খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডাল ও গোটা শস্যের মতো আঁশযুক্ত খাবার রাখুন। পর্যাপ্ত জল পান করুন। নিয়মিত শরীরচর্চা করুন এবং মলত্যাগের স্বাভাবিক বেগ চেপে রাখবেন না। পাশাপাশি, দীর্ঘদিন নিজের ইচ্ছেমতো হজমের ওষুধ খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। অন্ত্রের সমস্যা হলেই যে বড় কোনও রোগ হয়েছে, এমন ভাবার কারণ নেই। তবে বারবার একই সমস্যা হলে বা নতুন কোনও উপসর্গ দেখা দিলে তা উপেক্ষা করা ঠিক নয়। সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে সমস্যার কারণ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সহজ হয়।

১২ অক্টোবর, ২০২৬