The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

ইনস্টাগ্রামে একটি ছবি, আর তাতেই মিলল নতুন প্রজাতির সন্ধান! কলম্বিয়ার জঙ্গলে ফুটে রয়েছে মহাকায় জলপদ্ম

ইনস্টাগ্রামে একটি ছবি, আর তাতেই মিলল নতুন প্রজাতির সন্ধান! কলম্বিয়ার জঙ্গলে ফুটে রয়েছে মহাকায় জলপদ্ম

একটি ছবি কখনও কখনও বদলে দিতে পারে বিজ্ঞানের বহুদিনের ধারণা। আর সেই ছবিই যদি হয় জঙ্গলের মাঝখানে ফুটে থাকা বিশালাকার জলপদ্মের, তা হলে কৌতূহল তৈরি হওয়া স্বাভাবিক। এমনই এক ছবি সমাজমাধ্যমে চোখে পড়েছিল ব্রিটেনের রয়্যাল বোটানিক গার্ডেন্স, কিউ-এর উদ্ভিদবিশেষজ্ঞ কার্লোস ম্যাগদালেনার। তারপর শুরু হয়েছিল অনুসন্ধান। শেষ পর্যন্ত কলম্বিয়ার দুর্গম অরণ্যের একটি হ্রদে মিলল এমন এক জলপদ্ম, যা আগে বিজ্ঞানীদের কাছে পরিচিত ছিল না। উদ্ভিদটির নাম দেওয়া হয়েছে ‘ভিক্টোরিয়া কলম্বিয়ানা’। পৃথিবীর বৃহত্তম জলজ উদ্ভিদগুলির মধ্যে দৈত্যাকার জলপদ্ম অন্যতম। এর পাতার ব্যাস প্রায় তিন মিটার পর্যন্ত হতে পারে। এতটাই বড় যে, কোনও কোনও ক্ষেত্রে মহাকাশ থেকেও এই উদ্ভিদের উপস্থিতি বোঝা সম্ভব। পাতার গঠন এমন যে, তা ছোট শিশুর ওজনও বহন করতে পারে। একটি ছবি থেকেই শুরু ঘটনার সূত্রপাত প্রায় তিন বছর আগে। আমেরিকার উদ্ভিদপ্রেমী জেরেমিয়া হ্যারিস ইনস্টাগ্রামে জলপদ্মের পাতার মধ্যে সাঁতার কাটার একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে থাকা উদ্ভিদটিকে তিনি সাধারণ ভিক্টোরিয়া আমাজোনিকা বলে মনে করেছিলেন। কিন্তু ছবিটি দেখে সন্দেহ হয় ম্যাগদালেনার। কারণ, ওই অঞ্চলে সাধারণত এই প্রজাতির জলপদ্ম জন্মানোর কথা নয়। এর পর ছবির সূত্র ধরে শুরু হয় খোঁজখবর। উপগ্রহচিত্র বিশ্লেষণ, স্থানীয়দের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করতে বেশ কয়েক বছর লেগে যায়। শেষ পর্যন্ত বোগোতার উদ্ভিদ উদ্যানের গবেষক এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের নিয়ে পাঁচ দিনের অভিযানে বেরোন বিজ্ঞানীরা। কলম্বিয়ার গুয়াইনিয়া অঞ্চলের ইনিরিদা নদীর কাছে প্লাবিত অরণ্যের মধ্যে চলে অনুসন্ধান। প্রথম কয়েক দিন বিশেষ সাফল্য আসেনি। ফেরার বিমানের সময়ও এগিয়ে আসছিল। শেষ মুহূর্তে স্থানীয় চালকের পরামর্শে গভীর রাতে নৌকায় করে একটি ছোট হ্রদের দিকে রওনা দেন তাঁরা। সেখানেই মেলে বহু প্রতীক্ষিত উদ্ভিদটির সন্ধান। বিলুপ্তির আশঙ্কায় নতুন প্রজাতি গবেষণায় জানা গিয়েছে, বন্য পরিবেশে এই প্রজাতির জলপদ্মের সংখ্যা মাত্র ৩০ থেকে ৫০টি হতে পারে। ফলে আবিষ্কারের আনন্দের পাশাপাশি তৈরি হয়েছে সংরক্ষণের চিন্তাও। গবেষকেরা উদ্ভিদটির বীজ সংগ্রহ করে চাষের ব্যবস্থা করার চেষ্টা করছেন। বোগোতার উদ্ভিদ উদ্যানে এর সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে কিউ গার্ডেন্সেও এই জলপদ্মকে নিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বিজ্ঞানীদের কাছে এই আবিষ্কারের গুরুত্ব শুধু একটি নতুন উদ্ভিদ চিহ্নিত করায় সীমাবদ্ধ নয়। পৃথিবীর বহু দুর্গম অরণ্য ও জলাভূমিতে এখনও এমন জীববৈচিত্র্য লুকিয়ে রয়েছে, যা মানুষের অজানা। স্থানীয় আদিবাসীদের অভিজ্ঞতা, উদ্ভিদবিজ্ঞানীদের অনুসন্ধান এবং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি—সব মিলিয়ে এই আবিষ্কার আবারও বুঝিয়ে দিল, প্রকৃতির অনেক রহস্যের উত্তর এখনও আমাদের হাতের বাইরে।

১৯ নভেম্বর, ২০২৬

বিস্তারিত পড়ুন →

অন্যান্য খবর

সমুদ্রের তলায় পাথরের ভিতরেই আস্ত একটা প্রাণিজগৎ! একটি পাথরে ২৪৫টি প্রাণীর বাস, চমকে দিল বিজ্ঞানীদের
BREAKING NEWSবিশ্বের জানালা

সমুদ্রের তলায় পাথরের ভিতরেই আস্ত একটা প্রাণিজগৎ! একটি পাথরে ২৪৫টি প্রাণীর বাস, চমকে দিল বিজ্ঞানীদের

সমুদ্রের তলায় পড়ে থাকা সাধারণ পাথর বলে মনে হতে পারে। বাইরে থেকে দেখলে তার বিশেষত্ব বোঝার উপায় নেই। কিন্তু সেই পাথরের ভিতরেই লুকিয়ে রয়েছে আস্ত একটি প্রাণিজগৎ! প্রশান্ত মহাসাগরের গভীরে এমনই এক আশ্চর্য বাস্তুতন্ত্রের সন্ধান পেয়েছেন জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক গবেষকেরা। তাঁদের গবেষণায় একটি পাথরের ভিতরেই মিলেছে ২৪৫টি ক্ষুদ্র প্রাণী। সব মিলিয়ে ২৪৪টি পাথর পরীক্ষা করে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ৪,১৩৯টি প্রাণী। আবিষ্কারটি শুধু প্রাণীদের সংখ্যা দিয়ে চমকে দেওয়ার মতো নয়। সমুদ্রের গভীরে এমন কিছু জীবের অস্তিত্ব রয়েছে, যাদের বেঁচে থাকার জন্য এই পাথরগুলিই বিশেষ আশ্রয়স্থল। ফলে সমুদ্রের তলদেশ থেকে এই পাথর তুলে ফেললে বিপন্ন হতে পারে এক সম্পূর্ণ অজানা প্রাণিজগৎ। পাথরের ভিতরে কীসের বাস? গবেষকেরা যে পাথরগুলি পরীক্ষা করেছেন, সেগুলির নাম পলিমেটালিক নডিউল। মূলত লোহা ও ম্যাঙ্গানিজের অক্সাইড দিয়ে তৈরি এই পাথরগুলি সমুদ্রের তলদেশে অত্যন্ত ধীর গতিতে তৈরি হয়। একটি পাথর তৈরি হতে কয়েক লক্ষ থেকে কয়েক মিলিয়ন বছর পর্যন্ত সময় লাগতে পারে। সাধারণত সমুদ্রের ৪,০০০ থেকে ৬,০০০ মিটার গভীরে এগুলির সন্ধান মেলে। পাথরগুলির গায়ে ছোট ছোট ফাটল, গর্ত ও ফাঁপা জায়গা রয়েছে। এই খাঁজগুলিই ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীদের আশ্রয় দেয়। এক মিলিমিটারেরও ছোট প্রাণী সেখানে বসবাস করতে পারে। বাইরে থেকে পাথরটি দেখতে নির্জীব মনে হলেও ভিতরে রয়েছে জীবনের ব্যস্ততা। গবেষকেরা প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিয়ন-ক্লিপারটন অঞ্চলের সমুদ্রতল থেকে নমুনা সংগ্রহ করেন। বিশেষ যন্ত্র এবং দূরনিয়ন্ত্রিত ডুবোযানের সাহায্যে সমুদ্রের গভীর থেকে পাথরগুলি তুলে আনা হয়। পরে পরীক্ষাগারে সেগুলি খুলে ভিতরে থাকা প্রাণীদের আলাদা করে শনাক্ত করা হয়। ২৪৪টি পাথরের মধ্যে একটি পাথরেই মিলেছে ২৪৫টি প্রাণী। গড়ে প্রতিটি পাথরে ১৭টি করে প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ক্ষুদ্র কাঁকড়াজাতীয় প্রাণী, কৃমি এবং এককোষী জীবের মতো নানা ধরনের প্রাণী সেখানে বাস করে। খনিজের লোভে হারিয়ে যেতে পারে বাসস্থান এই আবিষ্কারকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সমুদ্রের গভীরে খনিজ উত্তোলন নিয়ে। কারণ, এই পাথরগুলিতে রয়েছে নিকেল, কোবাল্ট ও তামার মতো মূল্যবান ধাতু। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, বৈদ্যুতিন সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তির নানা উপকরণ তৈরিতে এই ধাতুগুলির চাহিদা রয়েছে। তাই সমুদ্রের তলদেশ থেকে পলিমেটালিক নডিউল সংগ্রহের আগ্রহ বাড়ছে বিভিন্ন সংস্থার। কিন্তু এই পাথর তুলে নেওয়া মানে শুধু খনিজ সংগ্রহ নয়, বহু ক্ষুদ্র প্রাণীর বাসস্থানও ধ্বংস করা। সবচেয়ে বড় সমস্যা হল, একবার এই পাথরগুলি সরিয়ে ফেললে সেগুলি নতুন করে তৈরি হতে মানুষের জীবনকালের তুলনায় অনেক বেশি সময় লাগবে। অর্থাৎ, যে বাস্তুতন্ত্র গড়ে উঠতে লক্ষ লক্ষ বছর লেগেছে, তা কয়েকটি খনিজ উত্তোলন অভিযানে হারিয়ে যেতে পারে। গবেষকদের মতে, পাথরের ভিতরে থাকা প্রাণীদের অনেকেরই আশপাশের সমুদ্রের নরম কাদামাটিতে বসবাসের সুযোগ নেই। তাদের জন্য এই বিশেষ আশ্রয় অপরিহার্য হতে পারে। কোনও কোনও প্রজাতি শুধু এই ধরনের পরিবেশের উপর নির্ভরশীল কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। সমুদ্রের গভীরতা এখনও মানুষের কাছে অনেকটাই অজানা। সেখানে কী ধরনের প্রাণী রয়েছে, কী ভাবে তারা বেঁচে থাকে, কোন পরিবেশে তাদের জীবনচক্র সম্পূর্ণ হয়—তার সব উত্তর এখনও মেলেনি। এই আবিষ্কার তাই একদিকে যেমন নতুন জীববৈচিত্র্যের দরজা খুলেছে, অন্যদিকে মনে করিয়ে দিয়েছে, প্রকৃতির অজানা সম্পদ আহরণ করতে গিয়ে তার অদৃশ্য বাসিন্দাদের অস্তিত্ব মুছে ফেলা উচিত নয়।

১৯ নভেম্বর, ২০২৬

আবু ধাবিতে শান্তির বৈঠক, আলোচনার টেবিলেই যখন রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ
বিশ্বের জানালা

আবু ধাবিতে শান্তির বৈঠক, আলোচনার টেবিলেই যখন রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ

যুদ্ধ থামানোর লক্ষ্যে ফের আলোচনার টেবিলে রাশিয়া ও ইউক্রেন। প্রায় ন’মাসের বিরতির পর আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে শুরু হয়েছে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক। মঙ্গলবার, ১০ নভেম্বর প্রথম দিনের আলোচনা শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠককে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন। বুধবারও আলোচনা চালিয়ে যাওয়ার কথা দুই পক্ষের। বৈঠকে ইউক্রেনের তরফে গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার নিশ্চয়তা, যুদ্ধবন্দিদের মুক্তি এবং মানবিক সমস্যার সমাধানে। জেলেনস্কির বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। আমেরিকার হয়ে আলোচনায় অংশ নিয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের প্রতিনিধি দলের অন্যতম সদস্য রুস্তেম উমেরভ। তবে শান্তির আলোচনার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সংঘর্ষও থামেনি। আলোচনার প্রথম দিনেই ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত ১০টি অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পাঁচটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার জেরে কিয়েভ, খারকিভ-সহ ছ’টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ভিনিৎসিয়া অঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত দু’জন। শীতের আগে বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামোর উপর এই হামলা ইউক্রেনের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে, অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে মস্কোর অবস্থান নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে আবু ধাবির বৈঠক থেকে কোনও বড় সমাধানসূত্র বেরোয় কি না, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। আপাতত আলোচনা চলছে, কিন্তু যুদ্ধের ময়দানে গোলাগুলি থামার কোনও লক্ষণ নেই।

১১ নভেম্বর, ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় রক্তপাত! ইজরায়েলি হামলায় বাবা ও ১৩ বছরের ছেলের মৃত্যু
বিশ্বের জানালা

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় রক্তপাত! ইজরায়েলি হামলায় বাবা ও ১৩ বছরের ছেলের মৃত্যু

যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। কিন্তু তাতে থামেনি গাজায় মৃত্যুমিছিল। ফের ইজরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেল একাধিক প্যালেস্তিনীয়র। নিহতদের মধ্যে রয়েছেন এক বাবা ও তাঁর ১৩ বছরের ছেলে। মঙ্গলবার গাজা শহরের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাত থেকে আটজনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য দফতর। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সূত্রের খবর, গাজা শহরের জেইতুন এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানেই মৃত্যু হয় ৪৩ বছরের এক ব্যক্তি ও তাঁর ১৩ বছরের ছেলের। অন্য একটি বিমান হামলায় দারাজ এলাকায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেখানেও প্রাণহানির খবর মিলেছে। দক্ষিণ গাজার খান ইউনিসেও ইজরায়েলি বাহিনীর গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়াও গাজা শহরের সাবরা এলাকায় একটি ধাতব কারখানায় বিমান হামলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও কয়েকটি ঘটনার বিষয়ে ইজরায়েলি সেনার তরফে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি। তবে দারাজ ও জেইতুন এলাকার হামলা সম্পর্কে ইজরায়েলি সেনার দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করেই অভিযান চালিয়েছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তাতে গাজায় সংঘর্ষ বন্ধ, পণবন্দিদের মুক্তি এবং উপত্যকার পুনর্গঠনের পথ তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির পরেও বারবার হামলার অভিযোগ উঠেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় ১,৬০০-র বেশি প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইজরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল। তারপর থেকে উপত্যকার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরছাড়া বহু মানুষ এখনও অস্থায়ী শিবিরে দিন কাটাচ্ছেন। খাবার, ওষুধ ও চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁদের দুর্ভোগও অব্যাহত। যুদ্ধবিরতি সত্ত্বেও যখন প্রাণহানি ও ধ্বংসের ছবি সামনে আসছে, তখন গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি আরও জোরালো হচ্ছে।

১১ নভেম্বর, ২০২৬

জলবায়ু পরিবর্তন রুখতে তুরস্কে বিশ্বনেতাদের বৈঠক, ১.৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘিরে উদ্বেগ
বিশ্বের জানালা

জলবায়ু পরিবর্তন রুখতে তুরস্কে বিশ্বনেতাদের বৈঠক, ১.৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘিরে উদ্বেগ

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ফের একজোট হওয়ার চেষ্টা বিশ্বের। তুরস্কের আন্টালিয়ায় শুরু হয়েছে রাষ্ট্রপুঞ্জের ৩১তম জলবায়ু সম্মেলন COP31। ৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে বিশ্বনেতাদের বিশেষ বৈঠক। সেখানে আলোচনার কেন্দ্রে রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আর্থিক সহায়তা। বিজ্ঞানীদের আশঙ্কা, বর্তমান গতিতে চললে শিল্পবিপ্লবের আগের সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ, ভয়াবহ বন্যা এবং দাবানলের মতো প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপ বেড়েছে। তার প্রভাব পড়ছে মানুষের জীবন, কৃষি এবং অর্থনীতিতে। সম্মেলনে তুরস্কের তরফে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মোট শক্তি ব্যবহারের অন্তত ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এই হার এক-পঞ্চমাংশের কিছু বেশি। তবে শুধু বিদ্যুতের ব্যবহার বাড়ালেই হবে না, সেই বিদ্যুৎ কতটা পরিচ্ছন্ন শক্তির উৎস থেকে আসছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস দেশগুলিকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ব্রাজিলের তরফে ২০২৮ সালের মধ্যে জ্বালানি ব্যবস্থার মূল্যায়ন এবং ২০৩১ সাল থেকে জীবাশ্ম জ্বালানির উৎপাদন কমানোর একটি রূপরেখা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ বার শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলির জন্য আর্থিক সাহায্য এবং প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করাও জরুরি। সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

১১ নভেম্বর, ২০২৬

ট্রাম্পের জন্য বড় ধাক্কা! মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ক্ষমতা হারাল রিপাবলিকানরা, জিতল ডেমোক্র্যাটরা
BREAKING NEWSবিশ্বের জানালা

ট্রাম্পের জন্য বড় ধাক্কা! মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ক্ষমতা হারাল রিপাবলিকানরা, জিতল ডেমোক্র্যাটরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালের মাঝপথেই বড় রাজনৈতিক পরিবর্তন। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষ, অর্থাৎ প্রতিনিধি সভা (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) এবং সেনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা। ফলে আগামী দু’বছর আইন প্রণয়ন থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তে ট্রাম্পকে বিরোধী দলের বাধার মুখে পড়তে হতে পারে। ৩ নভেম্বর আমেরিকায় অনুষ্ঠিত হয় এই নির্বাচন। বুধবার ফলাফল স্পষ্ট হতে শুরু করে। ডেমোক্র্যাটরা অন্তত সাতটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত সেনেট আসনে জয় পেয়েছে। এর মধ্যে রয়েছে কানসাস, আইওয়া, টেক্সাস, ওহিও, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা। প্রতিনিধি সভাতেও দু-ডজনের বেশি আসন নিজেদের দখলে নিয়েছে তারা। কেন বদলে গেল ভোটের অঙ্ক? নির্বাচনের আগে অর্থনৈতিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, ইরান যুদ্ধ এবং প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আমেরিকার ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। ভোটার সমীক্ষাতেও এই বিষয়গুলি উঠে এসেছিল। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের ফলাফলে তার প্রভাব পড়েছে। যদিও ভোটের ফলকে একটিমাত্র কারণে ব্যাখ্যা করা যায় না। একাধিক নজিরবিহীন জয় এবারের নির্বাচনে বেশ কয়েকটি ঐতিহাসিক ঘটনাও ঘটেছে। জর্জিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন কিশা ল্যান্স বটমস। তিনি আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা গভর্নর হতে চলেছেন। নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচিত হয়েছেন ডেব হালান্ড। তিনি প্রথম আদিবাসী মহিলা গভর্নর। অন্যদিকে মিশিগান থেকে সেনেটে জিতে দেশের প্রথম মুসলিম সেনেটর হতে চলেছেন আবদুল এল-সায়েদ। মিনেসোটা থেকে জয়ী পেগি ফ্ল্যানাগান হবেন প্রথম আদিবাসী মহিলা সেনেটর। ট্রাম্পের সামনে নতুন চ্যালেঞ্জ কংগ্রেসের দুই কক্ষেই বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, গুরুত্বপূর্ণ নিয়োগ এবং সরকারি নীতির উপর নজরদারি আরও কঠিন হতে পারে। ডেমোক্র্যাটরা প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তদন্তের সুযোগও পাবে। অন্যদিকে ট্রাম্প নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রচারের প্রশংসা করলেও ফলাফলকে নিজের বিরুদ্ধে গণরায় হিসেবে দেখতে রাজি হননি। নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি। ফলে ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দু-বছর মার্কিন রাজনীতিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।

৫ নভেম্বর, ২০২৬

ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে নতুন টিকা! ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বের জানালা

ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে নতুন টিকা! ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইবোলা সংক্রমণ মোকাবিলায় নতুন আশার আলো। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও দু’টি সম্ভাব্য টিকাকে ক্লিনিক্যাল ট্রায়ালে অন্তর্ভুক্ত করার সুপারিশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই প্রথম কঙ্গোতে চলতি ইবোলা সংক্রমণের মোকাবিলায় রোগটির বিশেষ একটি প্রজাতি, বুন্দিবুগিয়ো ভাইরাসের বিরুদ্ধে তৈরি টিকা সরাসরি সংক্রমণ পরিস্থিতিতে পরীক্ষার সুযোগ পাচ্ছে। নতুন দুই টিকার একটি ChAdOx1। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ভারতের সেরাম ইনস্টিটিউট যৌথভাবে এটি তৈরি করেছে। অন্যটি Moderna-র তৈরি mRNA-1469। প্রাথমিক গবেষণা এবং পরীক্ষাগারভিত্তিক তথ্য খতিয়ে দেখে WHO-র বিশেষজ্ঞ গোষ্ঠী এই দুই টিকাকে পরবর্তী পর্যায়ের পরীক্ষার জন্য বেছে নিয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন মিললেই কঙ্গোর চলতি Tumaini ক্লিনিক্যাল ট্রায়ালে এগুলি অন্তর্ভুক্ত করা হবে। কেন গুরুত্বপূর্ণ এই গবেষণা? কঙ্গোতে বর্তমানে বুন্দিবুগিয়ো প্রজাতির ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এই ভাইরাসের বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনও নির্দিষ্ট টিকা নেই। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন প্রতিরোধী ব্যবস্থা খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে। নতুন দুই টিকার কার্যকারিতা যাচাই হলে ভবিষ্যতে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার পাওয়া যেতে পারে। Tumaini গবেষণায় একাধিক টিকার কার্যকারিতা একই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে। এর জন্য ব্যবহার করা হচ্ছে 'রিং ভ্যাকসিনেশন' পদ্ধতি। অর্থাৎ, যাঁদের সংক্রমণ নিশ্চিত হয়েছে, তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে টিকাকরণের আওতায় আনা হচ্ছে। এর ফলে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে টিকা কতটা কার্যকর, তা বোঝার সুযোগ মিলবে। শুধু টিকা নয়, সম্ভাব্য চিকিৎসা নিয়েও গবেষণা চলছে। WHO-র সহযোগিতায় PARTNERS ট্রায়ালে মনোক্লোনাল অ্যান্টিবডি MBP134 এবং অ্যান্টিভাইরাল ওষুধ Remdesivir-এর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। দুটি একসঙ্গে প্রয়োগ করলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। WHO জানিয়েছে, টিকা সংক্রান্ত গবেষণার প্রাথমিক ফল ২০২৭ সালের গোড়ায় পাওয়ার আশা রয়েছে। তবে আপাতত এগুলিকে পরীক্ষাধীন টিকা হিসেবেই দেখতে হবে। নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত না হওয়া পর্যন্ত সাধারণ ব্যবহারের জন্য এগুলিকে অনুমোদন দেওয়া হয়নি।

৫ নভেম্বর, ২০২৬

কমনওয়েলথ সম্মেলনে ৫৬ দেশের রাষ্ট্রনেতা, আলোচনায় জলবায়ু ও বাণিজ্য
বিশ্বের জানালা

কমনওয়েলথ সম্মেলনে ৫৬ দেশের রাষ্ট্রনেতা, আলোচনায় জলবায়ু ও বাণিজ্য

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্যের নানা চ্যালেঞ্জের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন কমনওয়েলথের সদস্য দেশগুলির প্রতিনিধিরা। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে ১ নভেম্বর শুরু হয়েছে ২০২৬ সালের কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এই সম্মেলনে ৫৬টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রী এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে ছোট দ্বীপরাষ্ট্রগুলির জলবায়ুজনিত বিপর্যয় মোকাবিলার ক্ষমতা বাড়ানো এবং তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সম্মেলনের মূল ভাবনা, অংশীদারিত্ব ও বিনিয়োগের মাধ্যমে সমৃদ্ধ কমনওয়েলথ গড়ে তোলা। প্রায় ২৭০ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী এই জোটের দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়াতে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৩ নভেম্বর, ২০২৬

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে রকেট হামলা, নিহত চার! মৃতদের মধ্যে দুই মাসের শিশুও
বিশ্বের জানালা

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে রকেট হামলা, নিহত চার! মৃতদের মধ্যে দুই মাসের শিশুও

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ফের সশস্ত্র হামলা। দক্ষিণাঞ্চলের তোলিমা প্রদেশের প্লানাদাস এলাকায় একটি সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনায় চার জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে মাত্র দু-মাসের এক শিশুও। আহত হয়েছেন আরও কয়েক জন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রবিবার রাতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তৈরি রকেট ছোড়ে হামলাকারীরা। কয়েকটি রকেট সেনাঘাঁটির আশপাশে থাকা হাসপাতাল ও বসতবাড়িতে গিয়ে আছড়ে পড়ে। হামলায় চিকিৎসাকেন্দ্রের পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। আহতদের চিকিৎসার জন্য একটি স্কুলকে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলারি এই হামলার নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, দেশের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতা বাড়ছে। অন্য দিকে, দেশের মানবাধিকার সংক্রান্ত আধিকারিকদের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে। এই হামলার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে কলম্বিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি। বিশেষ করে সেনাঘাঁটির কাছাকাছি হাসপাতাল ও সাধারণ মানুষের বসতিতে হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।

৩ নভেম্বর, ২০২৬

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা
বিশ্বের জানালা

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

পশ্চিম এশিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা। ইরানের গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন আধিকারিকদের দাবি, ইরানের বাহিনী থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়ার পর আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই এলাকায় সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হলেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার প্রভাব পড়তে পারে। ইরানের সংবাদমাধ্যম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে। তবে হামলায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মার্কিন আধিকারিকদের বক্তব্য, এই অভিযানকে ইরানের বিরুদ্ধে বৃহত্তর সামরিক অভিযান শুরুর ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়। নতুন করে সংঘাতের আশঙ্কায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক তেলের বাজারের পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব।

৩ নভেম্বর, ২০২৬

সাইবার হানায় বিপর্যস্ত ইউরোপের সুপারমার্কেট! ফ্রিজের তাপমাত্রা বেড়ে নষ্ট বিপুল খাবার
BREAKING NEWSবিশ্বের জানালা

সাইবার হানায় বিপর্যস্ত ইউরোপের সুপারমার্কেট! ফ্রিজের তাপমাত্রা বেড়ে নষ্ট বিপুল খাবার

সাইবার হামলার নতুন নিশানা ইউরোপের সুপারমার্কেট। হ্যাকারদের অনুপ্রবেশে একাধিক দেশের দোকানে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। কোথাও বন্ধ হয়ে গিয়েছে শীতলীকরণ ব্যবস্থা, কোথাও আবার ডিফ্রস্টিং প্রক্রিয়া চালু করে দেওয়া হয়েছে। ফলে তাপমাত্রা বেড়ে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ খাবার। ২ নভেম্বরের এই ঘটনায় বেলজিয়াম, সুইডেন, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, এস্তোনিয়া, নেদারল্যান্ডস-সহ ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেট প্রভাবিত হয়েছে। শতাধিক দোকানে এই সমস্যার কথা সামনে এসেছে। ক্ষতিগ্রস্ত সংস্থাগুলির মধ্যে রয়েছে ডেলহাইজ, ক্যারিফোর, স্পার, কোপ এবং সুপারভ্যালু। সুইডেনের একটি দোকানের ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। ক্ষতিগ্রস্ত দোকানগুলিকে দ্রুত খাবার সরিয়ে ফেলতে এবং শীতলীকরণ ব্যবস্থা মেরামত করতে হয়েছে। কারা এই হামলার পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনা দেখিয়ে দিল, আধুনিক খাদ্য সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কতটা বড় ঝুঁকি তৈরি করতে পারে।

৩ নভেম্বর, ২০২৬

৫ হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ১০ হাজার! আফ্রিকায় ইবোলার ভয়াবহ থাবা, ছড়াচ্ছে একাধিক দেশে
বিশ্বের জানালা

৫ হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ১০ হাজার! আফ্রিকায় ইবোলার ভয়াবহ থাবা, ছড়াচ্ছে একাধিক দেশে

আফ্রিকায় ফের ভয় ধরাচ্ছে ইবোলা। সংক্রমণের জেরে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১০ হাজারের গণ্ডি পেরিয়েছে। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে। তবে উদ্বেগ বাড়াচ্ছে অন্য দেশেও সংক্রমণের খবর। কেনিয়া, উগান্ডা এবং নাইজেরিয়াতেও ইবোলা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তার উপর এই ভাইরাসের বিরল ‘বান্দিবুগিও’ প্রজাতির বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অনুমোদিত চিকিৎসা বা টিকা এখনও নেই। মৃত্যু বাড়ছে দ্রুত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসে কঙ্গোয় এই সংক্রমণের প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। তারপর থেকে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৫ হাজারেরও বেশি। কঙ্গোর ইতিহাসে এটিই ইবোলার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব। গোটা বিশ্বের নিরিখেও ২০১৪-১৬ সালের পশ্চিম আফ্রিকার মহামারির পর এটি দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণ। কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? বিশেষজ্ঞদের উদ্বেগ, সংক্রমণ চিহ্নিত করতে দেরি হওয়া, সংঘর্ষবিধ্বস্ত এলাকায় চিকিৎসা পরিষেবার অভাব এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়েছে। বহু দুর্গম এলাকায় চিকিৎসার সরঞ্জাম ও প্রশিক্ষিত কর্মীর অভাব রয়েছে। এমনকী আক্রান্তদের অনেকেরই হাসপাতালে পৌঁছনো হচ্ছে না। সমস্যা আরও বাড়িয়েছে স্থানীয় মানুষের একাংশের মধ্যে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অবিশ্বাস। সংক্রমণ রুখতে যাঁরা কাজ করছেন, তাঁদের উপরেও হামলার ঘটনা ঘটেছে। ফলে আক্রান্তদের শনাক্ত করা, তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং নিরাপদে মৃতদেহ সৎকারের কাজ ব্যাহত হচ্ছে। আফ্রিকার একাধিক দেশে ছড়াচ্ছে সংক্রমণ কঙ্গোর গণ্ডি ছাড়িয়ে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ক্রমশ বাড়ছে। কেনিয়া ও উগান্ডার পাশাপাশি গত সপ্তাহে নাইজেরিয়াতেও ইবোলা সংক্রমণের খবর সামনে এসেছে। ফলে পূর্ব ও মধ্য আফ্রিকার পর পশ্চিম আফ্রিকাতেও সংক্রমণ পৌঁছে যাওয়ায় উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে। পরিস্থিতি সামাল দিতে একাধিক দেশ সীমান্তে স্বাস্থ্যপরীক্ষা ও যাত্রীদের উপর নজরদারি বাড়িয়েছে। শুক্রবার সৌদি আরব কেনিয়া থেকে যাতায়াত এবং সে দেশের নাগরিকদের প্রবেশের উপরেও বিধিনিষেধ জারি করেছে। কেন এত ভয়ঙ্কর এই ভাইরাস? ইবোলা একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির রক্ত, শারীরিক তরল বা দূষিত সামগ্রীর সরাসরি সংস্পর্শে এই ভাইরাস ছড়াতে পারে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া প্রাথমিক উপসর্গের মধ্যে পড়ে। গুরুতর ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণও হতে পারে। এ বারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্দিবুগিও প্রজাতির ভাইরাস। এর বিরুদ্ধে নির্দিষ্ট অনুমোদিত চিকিৎসা বা টিকা না থাকায় পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। ফলে সংক্রমণ দ্রুত শনাক্ত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের উপর নজরদারিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরদারি ও আন্তর্জাতিক সহযোগিতা সত্ত্বেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আফ্রিকার এই সংক্রমণ কত দ্রুত নিয়ন্ত্রণে আসে, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

৩১ অক্টোবর, ২০২৬

মতবিরোধের পাহাড়, তবু আলোচনার টেবিলে চিন-রাশিয়া-আমেরিকা! জি২০ বৈঠকে নজর গোটা বিশ্বের
BREAKING NEWSবিশ্বের জানালা

মতবিরোধের পাহাড়, তবু আলোচনার টেবিলে চিন-রাশিয়া-আমেরিকা! জি২০ বৈঠকে নজর গোটা বিশ্বের

ইউক্রেন যুদ্ধ থেকে ইরান সংঘাত, বাণিজ্যনীতি থেকে দক্ষিণ চিন সাগরের উত্তেজনা—একাধিক আন্তর্জাতিক ইস্যুতে গভীর মতপার্থক্য। তার মধ্যেই আমেরিকার আটলান্টায় বৈঠকে বসেছেন জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা। এবারের বৈঠকে বিশেষ নজর চিন, রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিদের উপস্থিতি ঘিরে। বৈঠকের সভাপতিত্ব করছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। আগামী ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ রাষ্ট্রনেতাদের শীর্ষ সম্মেলন। তার আগে আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন জটিলতা নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যেই এই আলোচনা। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমি দেশগুলির বিরোধ এখনও তীব্র। তার পাশাপাশি ইরানকে ঘিরে আমেরিকা ও ইজরায়েলের সংঘাত, মার্কিন শুল্কনীতি এবং দক্ষিণ চিন সাগরে সামরিক উত্তেজনাও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। হরমুজ প্রণালী, লোহিত সাগর ও কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের উপস্থিতি বৈঠককে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অন্যদিকে চিনের প্রতিনিধিত্ব করছেন সে দেশের এক উপ-বিদেশমন্ত্রী। তবে ইউক্রেন ও দক্ষিণ আফ্রিকাকে এবারের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। বিশেষজ্ঞদের একাংশের মতে, এতগুলি বিষয়ে দেশগুলির অবস্থান পরস্পরবিরোধী হওয়ায় দ্রুত কোনও সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছনো কঠিন। তবু আন্তর্জাতিক উত্তেজনার আবহে আলোচনার এই মঞ্চ কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে কূটনৈতিক মহল।

৩০ অক্টোবর, ২০২৬

ব্রাজিলে নির্বাচনে জয়ী বামপন্থীরা, চতুর্থবার প্রেসিডেন্ট হওয়ার পথে লুলা দ্য সিলভা
BREAKING NEWSবিশ্বের জানালা

ব্রাজিলে নির্বাচনে জয়ী বামপন্থীরা, চতুর্থবার প্রেসিডেন্ট হওয়ার পথে লুলা দ্য সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। কট্টর দক্ষিণপন্থী শিবিরের প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনীতিতে রাজনৈতিক মেরুকরণের লড়াই নতুন মোড় নিল। দ্বিতীয় দফার ভোটে লুলা পেয়েছেন ৫১.৭৯ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর প্রাপ্ত ভোট ৪৮.২১ শতাংশ। প্রথম দফায় পিছিয়ে থাকার পরেও ভোটের ব্যবধান ঘুরিয়ে দিয়ে জয় ছিনিয়ে নেন লুলা। ব্রাজিলের গণতান্ত্রিক ব্যবস্থায় এটি একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রত্যাবর্তন। জয়ের পর লুলা গণতন্ত্র রক্ষা এবং দেশে স্বৈরাচারী রাজনীতির প্রত্যাবর্তন ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, বলসোনারো ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন এবং ভোটের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে ফল চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছেন। তবে নির্বাচনী কর্তৃপক্ষ লুলার জয় স্বীকার করেছে। নতুন মেয়াদে লুলার সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক চাপ সামলানো, সরকারি ঋণ নিয়ন্ত্রণ, পরিবেশ ও আমাজন অরণ্য রক্ষা এবং বিরোধী-প্রভাবিত আইনসভার সঙ্গে কাজ করাই হবে তাঁর সরকারের বড় পরীক্ষা। আন্তর্জাতিক ক্ষেত্রেও জলবায়ু পরিবর্তন ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে ব্রাজিলের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

২৭ অক্টোবর, ২০২৬

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের জয়, ক্ষমতা হারালেন দীর্ঘদিনের শাসক ভুচিচ
বিশ্বের জানালা

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের জয়, ক্ষমতা হারালেন দীর্ঘদিনের শাসক ভুচিচ

দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে ইতি টেনে সার্বিয়ার নির্বাচনে জয় পেল ছাত্র-সমর্থিত আন্দোলন। রবিবারের সংসদীয় নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে প্রভাবশালী নেতা আলেকজান্ডার ভুচিচ। এই ফলাফলকে সার্বিয়ার রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর ছাত্র-সমর্থিত প্রার্থীদের তালিকা পেয়েছে ৫২.৭ শতাংশ ভোট। অন্যদিকে, ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি-নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৯.২ শতাংশ ভোট। ২৫০ আসনের সংসদে ছাত্র-সমর্থিত শিবিরের আসনসংখ্যা দাঁড়িয়েছে ১৩৯, ভুচিচের জোটের ঝুলিতে গিয়েছে ৯৭টি আসন। এই আন্দোলনের সূত্রপাত ২০২৪ সালে নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাউনি ভেঙে ১৬ জনের মৃত্যুর পর। ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, দুর্নীতির তদন্ত এবং প্রশাসনিক জবাবদিহির দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামেন। ধীরে ধীরে সেই প্রতিবাদ বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনের চেহারা নেয়। ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে সার্বিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভুচিচ। তাঁর পরাজয়ে দেশের রাজনৈতিক সমীকরণ বদলে গেলেও নতুন সরকার কে গঠন করবেন, তা এখনও স্পষ্ট নয়। ছাত্র-সমর্থিত আন্দোলন দুর্নীতি দমন এবং শিক্ষাব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে। তবে নির্বাচনে জয়লাভের পর প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও পশ্চিমি দেশগুলির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা নতুন নেতৃত্বের সামনে বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

২৭ অক্টোবর, ২০২৬

ইরানকে ঘিরে সংঘাত থামাতে তেহরানে বৈঠক, মধ্যস্থতায় সৌদি আরব-পাকিস্তান-তুরস্ক
বিশ্বের জানালা

ইরানকে ঘিরে সংঘাত থামাতে তেহরানে বৈঠক, মধ্যস্থতায় সৌদি আরব-পাকিস্তান-তুরস্ক

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের আবহে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াল সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। সোমবার ইরানের রাজধানী তেহরানে এই তিন দেশের শীর্ষ আধিকারিকেরা ইরানি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। লক্ষ্য, সংঘাতের বিস্তার রোধ করা এবং আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতার পথ তৈরি করা। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, হুথি বিদ্রোহীদের হামলা এবং আমেরিকা-ইরান সংঘাতের অবসানের সম্ভাবনা গুরুত্ব পেয়েছে। পাকিস্তান একটি সমঝোতার প্রস্তাবও পেশ করেছে। সংশ্লিষ্ট দেশগুলির পাশাপাশি কাতারও এই উদ্যোগে সহায়তা করতে পারে। তবে সমঝোতার পথে বাধা কম নয়। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার কঠোর অবস্থানের পাশাপাশি ইরানের বন্দরগুলির উপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করার দাবি আলোচনাকে জটিল করে তুলেছে। এই সংঘাতের প্রভাব পড়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তেল ও গ্যাসের সরবরাহ এবং বিশ্ববাজারে দামের উপর তার প্রভাব পড়তে পারে। তাই কূটনৈতিক উদ্যোগ সফল হবে কি না, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত আলোচনার মাধ্যমে সংঘাত কমানোর চেষ্টা চললেও আমেরিকা ও ইরানের মধ্যে মতপার্থক্য মেটেনি।

২৭ অক্টোবর, ২০২৬

শান্তি আলোচনার উদ্যোগ, তবু কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা
BREAKING NEWSবিশ্বের জানালা

শান্তি আলোচনার উদ্যোগ, তবু কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরানোর কূটনৈতিক তৎপরতা চললেও যুদ্ধের ময়দানে কমছে না সংঘর্ষ। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা এবং মস্কো লক্ষ্য করে ড্রোন পাঠানোর ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে। যুদ্ধ থামানোর আন্তর্জাতিক উদ্যোগের মধ্যেও দুই দেশের সংঘাত অব্যাহত। কিয়েভে হামলায় হতাহতের পাশাপাশি শহরের পরিকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। অন্য দিকে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলেও ইউক্রেনের ড্রোন হামলার খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা বাড়ছে। তবে বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও আলোচনার দিনক্ষণ এবং তার ফলাফল এখনও নিশ্চিত নয়। শীত এগিয়ে আসায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামো রক্ষা করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যুদ্ধের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। ফলে কূটনৈতিক আলোচনার সাফল্যের দিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।

২৩ অক্টোবর, ২০২৬

নেপালকে ২ কোটি ডলার দেবে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু তহবিল
বিশ্বের জানালা

নেপালকে ২ কোটি ডলার দেবে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু তহবিল

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপুঞ্জের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল। ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দেশটির পুনর্গঠন এবং বিপর্যয় মোকাবিলার কাজে ২ কোটি ডলারের আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে। বন্যা ও ভূমিধসে নেপালের একাধিক এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতি ও পরিকাঠামো। বহু মানুষকে উদ্ধার করতে হয়েছে কঠিন পরিস্থিতির মধ্যে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, হিমবাহের পরিবর্তন এবং পাহাড়ি এলাকার ভূপ্রকৃতির অস্থিরতা হিমালয় অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বাড়াতে পারে। ফলে নেপালের মতো পাহাড়ি দেশের কাছে দুর্যোগ মোকাবিলা ক্রমশ বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এই আর্থিক সহায়তা বিপর্যয়-পরবর্তী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে শুধু ক্ষয়ক্ষতি সামলানোই যথেষ্ট নয়। ভবিষ্যতে এমন বিপর্যয় মোকাবিলায় আগাম সতর্কতা, নিরাপদ পরিকাঠামো এবং পরিবেশ সংরক্ষণেও জোর দেওয়া প্রয়োজন।

২৩ অক্টোবর, ২০২৬

আমেরিকায় গ্রিন কার্ডের পথে বড় ধাক্কা, ইনফোসিস-টিসিএস-সহ একাধিক সংস্থার আবেদন স্থগিত
বিশ্বের জানালা

আমেরিকায় গ্রিন কার্ডের পথে বড় ধাক্কা, ইনফোসিস-টিসিএস-সহ একাধিক সংস্থার আবেদন স্থগিত

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার পথে বড় ধাক্কা খেলেন বহু বিদেশি কর্মী। মাইক্রোসফট, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, কগনিজ্যান্ট এবং ক্যাপজেমিনির মতো একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ আপাতত স্থগিত করেছে মার্কিন প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখানে ভিসা ও গ্রিন কার্ডের পার্থক্য গুরুত্বপূর্ণ। ভিসা সাধারণত কোনও বিদেশি নাগরিককে নির্দিষ্ট উদ্দেশ্যে আমেরিকায় প্রবেশ ও নির্দিষ্ট সময় থাকার অনুমতি দেয়। যেমন, কাজের জন্য দেওয়া ভিসা নিয়ে কেউ নির্দিষ্ট শর্তে সেখানে কাজ করতে পারেন। কিন্তু গ্রিন কার্ড হল আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি। গ্রিন কার্ডধারী ব্যক্তি দীর্ঘমেয়াদে সেখানে বসবাস ও কাজ করার অধিকার পান। তাই ভিসার আবেদন বা ভিসার মেয়াদ এবং গ্রিন কার্ডের প্রক্রিয়া আলাদা বিষয়। মার্কিন প্রশাসনের অভিযোগ, কিছু সংস্থা বিদেশি কর্মী নিয়োগের জন্য নির্দিষ্ট ভিসা ব্যবস্থার অপব্যবহার করছে। এর ফলে আমেরিকার নাগরিকদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি প্রশাসনের। সেই অভিযোগ খতিয়ে দেখতেই সংশ্লিষ্ট সংস্থাগুলির গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আমেরিকায় কোনও সংস্থা বিদেশি কর্মীকে স্থায়ীভাবে নিয়োগ করতে চাইলে নির্দিষ্ট সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ওই প্রক্রিয়ায় সংস্থাকে দেখাতে হয়, সংশ্লিষ্ট কাজের জন্য উপযুক্ত মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না এবং বিদেশি কর্মী নিয়োগের ফলে দেশের কর্মীদের চাকরি বা বেতনে নেতিবাচক প্রভাব পড়বে না। এই প্রক্রিয়া বন্ধ হওয়ার অর্থ সংশ্লিষ্ট কর্মীদের বর্তমান কাজের ভিসা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাওয়া নয়। অর্থাৎ, কেউ বৈধ কাজের ভিসায় আমেরিকায় থাকলে শুধু এই সিদ্ধান্তের কারণে তাঁর কাজের অনুমতি শেষ হচ্ছে না। তবে যাঁরা দীর্ঘদিন ধরে কাজের সূত্রে আমেরিকায় থেকে স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য এগোচ্ছিলেন, তাঁদের সেই পথ আপাতত আটকে গেল। মাইক্রোসফটকে কেন্দ্র করেই এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ভ্যান্স। তাঁর অভিযোগ, সংস্থাটি একদিকে আমেরিকায় কর্মী ছাঁটাই করেছে, অন্যদিকে বিদেশি কর্মীদের জন্য ভিসা ও স্থায়ী বসবাসের অনুমতির আবেদন করেছে। মার্কিন কর্মীদের স্বার্থ রক্ষার জন্যই প্রশাসন এই পদক্ষেপ করেছে বলে তাঁর দাবি। মাইক্রোসফট অবশ্য এই অভিযোগ মানেনি। সংস্থার বক্তব্য, তাদের করা বিদেশি কর্মীদের ভিসার আবেদনের বড় অংশই নতুন কর্মী নিয়োগের জন্য নয়। ইতিমধ্যে সংস্থায় কর্মরত কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো বা তাঁদের অবস্থানের অনুমতি পরিবর্তনের জন্যই অধিকাংশ আবেদন করা হয়েছিল। এই সিদ্ধান্তে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। আমেরিকায় ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস এবং কগনিজ্যান্টের মতো ভারতীয় সংস্থার বড় উপস্থিতি রয়েছে। ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলিতে কর্মরত বহু ভারতীয়ের স্থায়ীভাবে আমেরিকায় থাকার পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তবে ঠিক কতজন কর্মীর গ্রিন কার্ডের আবেদন আটকে গেল এবং এই স্থগিতাদেশ কতদিন চলবে, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের তদন্ত এবং পরবর্তী সিদ্ধান্তের উপরই নির্ভর করছে পরিস্থিতির পরবর্তী গতিপথ।

৯ অক্টোবর, ২০২৬

কৃষ্ণসাগরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ, বিপদে বাণিজ্যিক জাহাজ! বিশ্ববাজারে বাড়বে গমের দাম?
বিশ্বের জানালা

কৃষ্ণসাগরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ, বিপদে বাণিজ্যিক জাহাজ! বিশ্ববাজারে বাড়বে গমের দাম?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার ছড়াচ্ছে কৃষ্ণসাগরে। দু’‌দেশের হামলায় সমস্যায় বাণিজ্যিক জাহাজ চলাচল। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক শস্য সরবরাহ, জাহাজের বিমা এবং পণ্য পরিবহণের খরচে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে খাদ্য আমদানিনির্ভর দেশগুলির উপরেও চাপ বাড়ার আশঙ্কা। সম্প্রতি কৃষ্ণসাগরে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে এসেছে। একটি জাহাজ ডুবে যায়, অন্যটির নাবিকদের উদ্ধার করা হয়। ফলে যুদ্ধের ঝুঁকি এখন শুধু সামরিক ঘাঁটি বা বন্দরে সীমাবদ্ধ নেই, বাণিজ্যিক জাহাজও বিপদের মুখে পড়ছে। কৃষ্ণসাগর রাশিয়া ও ইউক্রেনের গম-সহ নানা পণ্য রফতানির গুরুত্বপূর্ণ জলপথ। দু’‌দেশই আন্তর্জাতিক শস্যবাজারের বড় সরবরাহকারী। এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে পণ্য পৌঁছতে দেরি হতে পারে, বাড়তে পারে জাহাজভাড়া ও বিমার খরচ। তার প্রভাব পড়তে পারে আমদানি করা শস্যের মোট দামে। ২০২২ সালে তুরস্ক ও রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানির জন্য বিশেষ চুক্তি হয়েছিল। কিন্তু ২০২৩ সালে রাশিয়া সেই চুক্তি থেকে সরে আসার পর নিরাপদে শস্য পরিবহণ আরও জটিল হয়ে ওঠে। রাশিয়া ইউক্রেনের বন্দর ও শস্য রফতানি কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে। পাল্টা ইউক্রেনও রাশিয়ার তেল ও শস্য পরিবহণের সঙ্গে যুক্ত জাহাজ ও পরিকাঠামোয় হামলা চালিয়েছে। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান সতর্ক করেছেন, শীতের আগে সামরিক সুবিধা পেতে দু-‌পক্ষই হামলা বাড়াচ্ছে। বাণিজ্যিক জাহাজ ও শস্য পরিবহণ নিরাপদ রাখতে দু’‌দেশের কাছে প্রস্তাবও দিয়েছে আঙ্কারা। তবে কৃষ্ণসাগরে হামলা বাড়লেই সব দেশে খাদ্যের দাম বাড়বে, এমন নয়। সরবরাহ, আন্তর্জাতিক বাজারের মজুত এবং বিকল্প পরিবহণপথের উপর তার প্রভাব নির্ভর করবে। কিন্তু সংঘাত দীর্ঘায়িত হলে জাহাজ চলাচলের খরচ ও শস্য সরবরাহে অনিশ্চয়তা বাড়তে পারে। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সামরিক ক্ষেত্র ছাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্যবাজারেও পড়ার আশঙ্কা রয়েছে।

৯ অক্টোবর, ২০২৬