The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

বিশ্বের জানালা

কৃষ্ণসাগরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ, বিপদে বাণিজ্যিক জাহাজ! বিশ্ববাজারে বাড়বে গমের দাম?

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৭ AM

কৃষ্ণসাগরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ, বিপদে বাণিজ্যিক জাহাজ! বিশ্ববাজারে বাড়বে গমের দাম?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার ছড়াচ্ছে কৃষ্ণসাগরে। দু’‌দেশের হামলায় সমস্যায় বাণিজ্যিক জাহাজ চলাচল। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক শস্য সরবরাহ, জাহাজের বিমা এবং পণ্য পরিবহণের খরচে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে খাদ্য আমদানিনির্ভর দেশগুলির উপরেও চাপ বাড়ার আশঙ্কা।
সম্প্রতি কৃষ্ণসাগরে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে এসেছে। একটি জাহাজ ডুবে যায়, অন্যটির নাবিকদের উদ্ধার করা হয়। ফলে যুদ্ধের ঝুঁকি এখন শুধু সামরিক ঘাঁটি বা বন্দরে সীমাবদ্ধ নেই, বাণিজ্যিক জাহাজও বিপদের মুখে পড়ছে।
কৃষ্ণসাগর রাশিয়া ও ইউক্রেনের গম-সহ নানা পণ্য রফতানির গুরুত্বপূর্ণ জলপথ। দু’‌দেশই আন্তর্জাতিক শস্যবাজারের বড় সরবরাহকারী। এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে পণ্য পৌঁছতে দেরি হতে পারে, বাড়তে পারে জাহাজভাড়া ও বিমার খরচ। তার প্রভাব পড়তে পারে আমদানি করা শস্যের মোট দামে।
২০২২ সালে তুরস্ক ও রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানির জন্য বিশেষ চুক্তি হয়েছিল। কিন্তু ২০২৩ সালে রাশিয়া সেই চুক্তি থেকে সরে আসার পর নিরাপদে শস্য পরিবহণ আরও জটিল হয়ে ওঠে।
রাশিয়া ইউক্রেনের বন্দর ও শস্য রফতানি কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে। পাল্টা ইউক্রেনও রাশিয়ার তেল ও শস্য পরিবহণের সঙ্গে যুক্ত জাহাজ ও পরিকাঠামোয় হামলা চালিয়েছে। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান সতর্ক করেছেন, শীতের আগে সামরিক সুবিধা পেতে দু-‌পক্ষই হামলা বাড়াচ্ছে। বাণিজ্যিক জাহাজ ও শস্য পরিবহণ নিরাপদ রাখতে দু’‌দেশের কাছে প্রস্তাবও দিয়েছে আঙ্কারা।
তবে কৃষ্ণসাগরে হামলা বাড়লেই সব দেশে খাদ্যের দাম বাড়বে, এমন নয়। সরবরাহ, আন্তর্জাতিক বাজারের মজুত এবং বিকল্প পরিবহণপথের উপর তার প্রভাব নির্ভর করবে। কিন্তু সংঘাত দীর্ঘায়িত হলে জাহাজ চলাচলের খরচ ও শস্য সরবরাহে অনিশ্চয়তা বাড়তে পারে। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সামরিক ক্ষেত্র ছাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্যবাজারেও পড়ার আশঙ্কা রয়েছে।