বিশ্ববিজ্ঞানের মঞ্চে বাংলার মুখ, আন্তর্জাতিক বিজ্ঞান অ্যাকাডেমির ফেলো হলেন আইআইটি খড়্গপুরের অধিকর্তা
আন্তর্জাতিক বিজ্ঞানমহলে ফের উজ্জ্বল হল ভারতের নাম। বিশ্ববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্সেসের (TWAS) ফেলো নির্বাচিত হলেন আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী। উন্নত গবেষণা এবং উন্নয়নশীল দেশগুলিতে বিজ্ঞানচর্চার প্রসারে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান। গত ৬ নভেম্বর এই নির্বাচনের খবর সামনে আসে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে তাঁর ফেলোশিপ কার্যকর হবে। TWAS-এর প্রেসিডেন্ট অধ্যাপক কোয়ারাইশা আবদুল করিম ৫ নভেম্বরের একটি সরকারি চিঠিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী দীর্ঘদিন ধরে গবেষণার সঙ্গে যুক্ত। আইআইটি খড়্গপুরের অধিকর্তার দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি ইনস্টিটিউট চেয়ার প্রফেসর এবং সির জে সি বসু ন্যাশনাল ফেলো। তাঁর গবেষণার স্বীকৃতি হিসেবে এর আগেও একাধিক আন্তর্জাতিক ও জাতীয় বিজ্ঞান সংস্থার ফেলোশিপ পেয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি এবং আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত TWAS-এর মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলিতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। এই প্রতিষ্ঠানের ফেলো নির্বাচিত হওয়া বিজ্ঞানীদের কাছে বিশেষ সম্মানের বিষয়। অধ্যাপক চক্রবর্তীর এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আন্তর্জাতিক বিজ্ঞানচর্চায় ভারতীয় গবেষকদের ক্রমবর্ধমান উপস্থিতির দিকটি আরও একবার সামনে এল এই সম্মানের মাধ্যমে।
১১ নভেম্বর, ২০২৬
















