The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

দেশের কথা

এআই দিয়ে ভুয়ো ছবি, কণ্ঠস্বর নকল! কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে নতুন নিয়ম আনছে কেন্দ্র

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ এ ১:২১ PM

এআই দিয়ে ভুয়ো ছবি, কণ্ঠস্বর নকল! কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে নতুন নিয়ম আনছে কেন্দ্র
কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে একদিকে যেমন কাজের গতি বাড়ছে, তেমনই বাড়ছে ভুয়ো ছবি, ভিডিও ও কণ্ঠস্বর তৈরি করে প্রতারণার আশঙ্কা। এমনকী এমন এআই প্রযুক্তিও তৈরি হচ্ছে, যা মানুষের সাহায্য ছাড়াই নিজে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারে। এই পরিস্থিতিতে প্রযুক্তির অপব্যবহার রুখতে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণে নির্দিষ্ট কাঠামো তৈরির পথে এগোচ্ছে কেন্দ্র।
এআই ব্যবহারের জন্য দেশে একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামো তৈরির পথে এগোচ্ছে সরকার। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে এআই নিয়ন্ত্রণ নিয়ে একটি কনসালটেশন পেপার প্রকাশ করা হবে। সেখানে প্রযুক্তির নিরাপদ ব্যবহার, দায়বদ্ধতা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে।
এআই–এর সাহায্যে এখন এমন ছবি, ভিডিও বা অডিও তৈরি করা সম্ভব, যা আসল না নকল, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। কারও মুখ বসিয়ে দেওয়া, কণ্ঠস্বর নকল করা বা সম্পূর্ণ কাল্পনিক ঘটনা বাস্তব বলে ছড়িয়ে দেওয়া, এসবই ডিপফেকের মাধ্যমে সম্ভব।
ফলে শুধু ব্যক্তিগত প্রতারণা নয়, ভুয়ো খবর ছড়ানো, কারও ভাবমূর্তি নষ্ট করা বা জনমতকে প্রভাবিত করার মতো ঘটনাতেও এআই–এর ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। নতুন কাঠামোয় এই ধরনের কনটেন্ট কীভাবে চিহ্নিত করা হবে এবং অপব্যবহার হলে দায় কার, সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
শুধু ডিপফেক নয়, মানুষের নির্দেশ অনুযায়ী একের পর এক কাজ করে যেতে পারে এমন এআই–ও সরকারের নজরে। এই ধরনের এজেন্টিক এআই নির্দিষ্ট পরিস্থিতিতে নিজে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারে। প্রযুক্তির এই ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ভুল সিদ্ধান্তের দায় কে নেবে, সেই প্রশ্নও জোরালো হচ্ছে।
সরকারের প্রস্তাবিত কাঠামোতে তাই শুধু এআই তৈরি করা সংস্থা নয়, ব্যবহারকারী এবং পরিষেবা প্রদানকারীদের দায়িত্ব নিয়েও আলোচনা হতে পারে। কনশালটেশন পেপার প্রকাশের পর সংশ্লিষ্ট মহল ও অন্যান্য পক্ষের মতামত নেওয়া হবে।
এআই–এর ব্যবহার থামানো নয়, বরং প্রযুক্তির সুবিধা বজায় রেখেই তার অপব্যবহার ঠেকানোই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। নতুন নিয়ম সেই ভারসাম্য কতটা বজায় রাখতে পারে, সেটাই দেখার।