The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

দেশের কথা

তীর্থযাত্রা শেষে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা! উত্তরাখণ্ডে পাহাড়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ১:২১ PM

তীর্থযাত্রা শেষে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা! উত্তরাখণ্ডে পাহাড়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬
তীর্থযাত্রা সেরে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি। উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী হেলিকপ্টার। দুর্ঘটনায় পাইলট-সহ ছ'জনেরই মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, Trans Bharat Aviation সংস্থার হেলিকপ্টারটি শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ হেলিপ্যাড থেকে ওড়ে। গন্তব্য ছিল দেরাদুনের সহস্রধারা হেলিপ্যাড। হেলিকপ্টারে পাইলট ছাড়াও পাঁচজন যাত্রী ছিলেন।
কিছুক্ষণের মধ্যেই জোশীমঠের কাছে চামোলি জেলার ছাই গ্রামের পার্বত্য এলাকায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ের গায়ে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পর সেটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। ছ'জনেরই দেহ উদ্ধার হয়েছে।
দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। কিন্তু পাহাড়ি এলাকায় বৃষ্টি ও দৃশ্যমানতা কম থাকায় উদ্ধারকাজে সমস্যা তৈরি হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং ডিজিসিএ-র তরফে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তরাখণ্ডে চারধাম যাত্রার সময় বহু তীর্থযাত্রী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াত করেন। সময় বাঁচলেও এই পরিষেবায় আবহাওয়া, পাহাড়ি ভূপ্রকৃতি এবং উড়ানের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলে দিল, পাহাড়ি এলাকায় হেলিকপ্টার পরিষেবা চালানোর ক্ষেত্রে নিরাপত্তা বিধি কতটা কঠোরভাবে মানা হচ্ছে? আবহাওয়া প্রতিকূল হলে উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।