The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

বিশ্বের জানালা

আবু ধাবিতে শান্তির বৈঠক, আলোচনার টেবিলেই যখন রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ এ ১০:১৪ AM

আবু ধাবিতে শান্তির বৈঠক, আলোচনার টেবিলেই যখন রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ
যুদ্ধ থামানোর লক্ষ্যে ফের আলোচনার টেবিলে রাশিয়া ও ইউক্রেন। প্রায় ন’মাসের বিরতির পর আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে শুরু হয়েছে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক। মঙ্গলবার, ১০ নভেম্বর প্রথম দিনের আলোচনা শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠককে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন। বুধবারও আলোচনা চালিয়ে যাওয়ার কথা দুই পক্ষের।
বৈঠকে ইউক্রেনের তরফে গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার নিশ্চয়তা, যুদ্ধবন্দিদের মুক্তি এবং মানবিক সমস্যার সমাধানে। জেলেনস্কির বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।
আমেরিকার হয়ে আলোচনায় অংশ নিয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের প্রতিনিধি দলের অন্যতম সদস্য রুস্তেম উমেরভ।
তবে শান্তির আলোচনার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সংঘর্ষও থামেনি। আলোচনার প্রথম দিনেই ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত ১০টি অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পাঁচটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার জেরে কিয়েভ, খারকিভ-সহ ছ’টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ভিনিৎসিয়া অঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত দু’জন।
শীতের আগে বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামোর উপর এই হামলা ইউক্রেনের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে, অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে মস্কোর অবস্থান নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
ফলে আবু ধাবির বৈঠক থেকে কোনও বড় সমাধানসূত্র বেরোয় কি না, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। আপাতত আলোচনা চলছে, কিন্তু যুদ্ধের ময়দানে গোলাগুলি থামার কোনও লক্ষণ নেই।