The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

বিশ্বের জানালা

জলবায়ু পরিবর্তন রুখতে তুরস্কে বিশ্বনেতাদের বৈঠক, ১.৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘিরে উদ্বেগ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৯ AM

জলবায়ু পরিবর্তন রুখতে তুরস্কে বিশ্বনেতাদের বৈঠক, ১.৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘিরে উদ্বেগ
জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ফের একজোট হওয়ার চেষ্টা বিশ্বের। তুরস্কের আন্টালিয়ায় শুরু হয়েছে রাষ্ট্রপুঞ্জের ৩১তম জলবায়ু সম্মেলন COP31। ৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে বিশ্বনেতাদের বিশেষ বৈঠক। সেখানে আলোচনার কেন্দ্রে রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আর্থিক সহায়তা।
বিজ্ঞানীদের আশঙ্কা, বর্তমান গতিতে চললে শিল্পবিপ্লবের আগের সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ, ভয়াবহ বন্যা এবং দাবানলের মতো প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপ বেড়েছে। তার প্রভাব পড়ছে মানুষের জীবন, কৃষি এবং অর্থনীতিতে।
সম্মেলনে তুরস্কের তরফে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মোট শক্তি ব্যবহারের অন্তত ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এই হার এক-পঞ্চমাংশের কিছু বেশি। তবে শুধু বিদ্যুতের ব্যবহার বাড়ালেই হবে না, সেই বিদ্যুৎ কতটা পরিচ্ছন্ন শক্তির উৎস থেকে আসছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস দেশগুলিকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ব্রাজিলের তরফে ২০২৮ সালের মধ্যে জ্বালানি ব্যবস্থার মূল্যায়ন এবং ২০৩১ সাল থেকে জীবাশ্ম জ্বালানির উৎপাদন কমানোর একটি রূপরেখা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ বার শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলির জন্য আর্থিক সাহায্য এবং প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করাও জরুরি। সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।