The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

শরীর-মন

পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে অসুস্থ? ভিড়ের মধ্যে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:২২ AM

🔥 BREAKING NEWS
পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে অসুস্থ? ভিড়ের মধ্যে এই ভুলগুলি এড়িয়ে চলুন
পুজোর দিনগুলিতে ঠাকুর দেখার আনন্দে কখন যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, খেয়াল থাকে না। এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ছোটা, দীর্ঘ লাইনে দাঁড়ানো, ভিড় ঠেলে এগোনো, তার উপর রাত জাগা। সব মিলিয়ে শরীরের উপর চাপ পড়ে যথেষ্ট। বিশেষ করে প্রবীণ, হৃদ্‌রোগী, ডায়াবেটিসে আক্রান্ত এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে যাঁদের, তাঁদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

ক্লান্তিকে অবহেলা নয়
দীর্ঘক্ষণ হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে পেশিতে ব্যথা, পায়ে ফোলা, মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে। গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘামের সঙ্গে শরীর থেকে জল বেরিয়ে গিয়ে জলশূন্যতার আশঙ্কাও বাড়ে। তাই ঠাকুর দেখতে বেরিয়ে সঙ্গে জলের বোতল রাখুন। মাঝেমধ্যে বিশ্রাম নিন। খুব ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন।

সঙ্গে রাখুন প্রয়োজনীয় জিনিস
ডায়াবেটিস বা হৃদ্‌রোগের মতো সমস্যা থাকলে চিকিৎসকের নির্দেশ মেনে ওষুধ সঙ্গে রাখুন। ডায়াবেটিসের রোগীরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না। সম্ভব হলে হালকা খাবার সঙ্গে রাখুন। বয়স্কদের ক্ষেত্রে আরামদায়ক জুতো পরা জরুরি। শ্বাসকষ্টের সমস্যা থাকলে ধোঁয়া, ধুলো ও অতিরিক্ত ভিড় এড়িয়ে চলুন।

কোন লক্ষণে সতর্ক হবেন?

হঠাৎ বুকে ব্যথা, অস্বাভাবিক শ্বাসকষ্ট, মাথা ঘুরে পড়ে যাওয়া বা ঘাম হলে বিষয়টিকে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যাবেন না। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। পুজোর আনন্দ উপভোগ করতে গিয়ে শরীরের সংকেত উপেক্ষা করলে বিপদ বাড়তে পারে। পরিকল্পনা করে ঠাকুর দেখতে বেরোন, পর্যাপ্ত বিশ্রাম নিন, আর শরীর খারাপ লাগলে জোর করে ঘোরাঘুরি চালিয়ে যাবেন না।