The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

শরীর-মন

জলবায়ু বদলের কোপ শরীরেও! বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার ঝুঁকি

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ AM

জলবায়ু বদলের কোপ শরীরেও! বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার ঝুঁকি
জলবায়ু পরিবর্তন মানেই শুধু তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ নয়। এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের শরীরেও। কখনও তীব্র গরমে হিটস্ট্রোক ও জলশূন্যতা, কখনও মশাবাহিত রোগের বাড়তি ঝুঁকি, আবার কখনও বায়ুদূষণের কারণে শ্বাসযন্ত্রের সমস্যা। ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ২০২৬ প্রতিবেদনে ভারতের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উঠে এসেছে এমনই উদ্বেগজনক ছবি।

গরমের প্রভাব বাড়ছে
২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে প্রতি বছর গড়ে ১০.৬ দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে অর্ধেক দিনই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তীব্র গরমের প্রভাব শুধু হিটস্ট্রোক বা জলশূন্যতায় সীমাবদ্ধ নয়। রাতের তাপমাত্রা বেশি থাকায় ঘুমেরও ব্যাঘাত ঘটছে। বিশেষ করে প্রবীণ, শিশু, হৃদ্‌রোগী এবং বাইরে কাজ করেন এমন মানুষের ঝুঁকি বেশি।

বাড়ছে সংক্রমণের আশঙ্কা
তাপমাত্রা ও পরিবেশের পরিবর্তনে মশার বংশবিস্তার এবং রোগ সংক্রমণের অনুকূল পরিস্থিতিও বদলাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গি ছড়ায় এমন একটি প্রজাতির মশার মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা ১৯৫১-৬০ সালের তুলনায় ২০১৬-২৫ সালে ৮৪ শতাংশ বেড়েছে। ম্যালেরিয়া ছড়ানোর অনুকূল পরিবেশের সময়সীমাও বেড়েছে। ফলে রোগ নজরদারি ও মশাবাহিত সংক্রমণ নিয়ন্ত্রণে আরও সতর্ক হওয়া জরুরি।

দূষণেও বাড়ছে বিপদ
২০২৩ সালে ভারতে সূক্ষ্ম বস্তুকণা বা পিএম ২.৫-এর সংস্পর্শের সঙ্গে ২২ লক্ষেরও বেশি মৃত্যুর সম্পর্ক পাওয়া গিয়েছে। এর মধ্যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তৈরি দূষণেরও বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ এবং সংক্রামক রোগের ঝুঁকি একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।

প্রস্তুতি জরুরি
বিশেষজ্ঞদের মতে, শুধু তাপপ্রবাহের পূর্বাভাস দিলেই হবে না, তার সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কেও আগাম সতর্কতা প্রয়োজন। হাসপাতালগুলিতে হিটস্ট্রোক ও জলশূন্যতার চিকিৎসার প্রস্তুতি রাখতে হবে। পাশাপাশি প্রবীণ, শিশু এবং খোলা জায়গায় কাজ করা মানুষদের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া জরুরি। পরিবেশ রক্ষার পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থাকেও জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলার উপযোগী করে তুলতে হবে।