The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

রুপোলি পর্দা

হ্যালোউইনের উইকএন্ডে ওটিটি-তে রহস্য, রোমাঞ্চ আর ভয়! কী কী দেখবেন?

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৯ PM

হ্যালোউইনের উইকএন্ডে ওটিটি-তে রহস্য, রোমাঞ্চ আর ভয়! কী কী দেখবেন?
উৎসবের মরশুমে বাড়িতে বসে বিনোদনের খোঁজ করছেন? প্রেক্ষাগৃহে যাওয়ার সময় না পেলেও চিন্তা নেই। অক্টোবরের শেষ উইকএন্ডে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে হাজির হয়েছে একগুচ্ছ নতুন ছবি ও সিরিজ। অপরাধ, রহস্য, মনস্তাত্ত্বিক থ্রিলার থেকে শুরু করে হরর, কমেডি, সব ধরনের স্বাদের দর্শকদের জন্যই রয়েছে কিছু না কিছু। বিশেষ করে হ্যালোউইনের আবহে ভয় আর রহস্যের গল্পে আগ্রহীদের জন্য এই সপ্তাহান্ত বেশ জমজমাট।
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘আক্কা’। আশির দশকের দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে তৈরি এই পিরিয়ড ক্রাইম থ্রিলারে রয়েছে অপরাধ, ক্ষমতার লড়াই এবং রহস্যের উপাদান। অতীতের আবহে তৈরি গল্পের সঙ্গে অপরাধের জটিল সমীকরণ দর্শকদের আকর্ষণ করতে পারে।
হ্যালোউইনের সপ্তাহান্তে বিশেষ নজর কাড়ছে ‘অবসেশন’। জিও হটস্টারে মুক্তি পেয়েছে এই মনস্তাত্ত্বিক হরর ছবি। ভালবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কী ভাবে ভয়ংকর পরিস্থিতির জন্ম দিতে পারে, সেই গল্পই উঠে এসেছে ছবিতে। ইংরেজির পাশাপাশি হিন্দিতেও দেখার সুযোগ রয়েছে।
নেটফ্লিক্সে এসেছে ‘সিগমা’, ‘আভারাচান অ্যান্ড সন্স’ এবং ‘কলিশন কোর্স’। অন্য দিকে, প্রাইম ভিডিয়োয় দেখা যাচ্ছে ‘ডেক্সটার: রেজারেকশন’-এর দ্বিতীয় সিজন। সোনিলিভেও মুক্তি পেয়েছে ‘ইমর্টাল’।
অর্থাৎ, সপ্তাহান্তে সিনেমা হলের বদলে বাড়ির সোফায় বসেই কাটাতে পারেন রহস্য-রোমাঞ্চে ভরা সময়। পছন্দ শুধু নিজের মতো করে বেছে নিতে হবে।